নগরের চান্দগাঁও এলাকায় একটি প্রতিষ্ঠানের অফিসে ঢুকে ব্যবসায়ীকে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটলেও গতকাল রোববার ভিডিওটি ছড়িয়ে পড়ে।
১৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, অফিসটিতে ৫ ব্যক্তি অবস্থান করছেন। এর মধ্যে তিনজন বসেছিলেন এবং দুইজন দাঁড়ানো। আকস্মিক কয়েকজন অফিসে ঢুকে তাদের মারধর করতে থাকে। এ ঘটনায় হামলার শিকার ব্যবসায়ী ইঞ্জিনিয়ার এস এম বদরুদ্দোজা হৃদয় ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০/২৫ জনকে দায়ী করে চান্দগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এতে তিনি দাবি করেন, তার কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেয়ায় তার উপর হামলা হয়েছে। এসময় তাকে রক্ষা করতে আসা কর্মচারীদের উপর হামলা হয়েছে।
এ বিষয়ে চান্দগাঁও থানার ওসি মো. নূর হোসেন মামুন আজাদীকে বলেন, এটা দুই পক্ষের বিরোধ। উভয়পক্ষ অভিযোগ দিয়েছেন। দুটোই মামলা হিসেবে গ্রহণ করব। ওসি জানান, অফিসের সামনে একপক্ষ সুদের ব্যবসা পরিচালনা করে। এটা নিয়ে বাধা দেয়ায় তাদের মধ্যে হাতাহাতি হয়। এটার রেশ ধরে আরেকপক্ষ এসে মারধর ধরে। উভয়পক্ষেই আহত আছে।














