রামুতে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ১৭ এপ্রিল, ২০২৬ at ৪:৫২ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামু উপজেলায় ইসমত হোসাইন তাকিব (২৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার রাজারকুল ইউনিয়নের আদর্শগ্রাম এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, পারিবারিক কলহ ও ঋণের চাপে ওই যুবক আত্মহত্যা করে থাকতে পারেন।

নিহত ইসমত হোসাইন চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের মাইজঘোনা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘ দিন ধরে সপরিবারে রামুর রাজারকুলে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনদের বরাতে জানা গেছে, বুধবার রাতে স্ত্রী রুবায়েত সারমিনের সঙ্গে ইসমত হোসাইনের ঝগড়া হয়। একপর্যায়ে তিনি স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। গতকাল সকাল পর্যন্ত কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। স্থানীয় ব্যক্তিদের ভাষ্যমতে, ইসমত ঋণগ্রস্ত ছিলেন এবং এ নিয়ে পরিবারে প্রায়ই অশান্তি লেগে থাকত।

রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কঙবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধবাগানে বসে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ভেঙে পারস্য উপসাগরে ইরানের দ্বিতীয় সুপারট্যাঙ্কার