নগরীর ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ডের নিউ মনসুরাবাদ এলাকায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এতে ব্যয় হবে ১ কোটি ৫৬ লাখ ৩৬ হাজার ২৬৪ টাকা। ব্রিজটির দৈর্ঘ্য ৩১ দশমিক ৫ মিটার এবং এবং প্রস্থ ৩ মিটার। ব্রিজটিতে দুই পাশে একটি করে মোট দুটি সিঁড়ি থাকবে।
গতকাল রোববার ব্রিজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় তিনি বলেন, নির্মাণ শেষে এই ফুৃটওভার ব্রিজ সড়ক দুর্ঘটনা হ্রাস পাওয়ার পাশাপাশি যানজট নিরসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে।
মেয়র বলেন, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের একে খান গেইটের নিকটবর্তী হওয়ায় এই ফুটওভার ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নির্মিত হলে দূরপাল্লার যাত্রী, স্থানীয় জনগণ এবং স্কুল–কলেজগামী শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপারে সহায়ক হবে। বিশেষ করে ১০ নং উত্তর কাট্টলী ও ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বাসিন্দারা এর মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হবেন। চসিক সূত্রে জানা গেছে, চসিকের বিমানবন্দর সড়ক সমপ্রসারণসহ বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় নগরজুড়ে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে। প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৪টি ফুটওভার ব্রিজের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে, ১৫টির কাজ চলমান রয়েছে এবং ১৭টির টেন্ডার প্রক্রিয়া চলমান। ফুটওভার ব্রিজ নির্মাণ কাজ করছে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড।
মেয়র জানান, এসব ব্রিজ বাস্তবায়নের মাধ্যমে ব্যস্ত সড়কে পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত হবে এবং সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
এদিকে ভিত্তিপ্রস্তর স্থাপনকালে ডা. শাহাদাত বলেন, নগরের উন্নয়ন মানে শুধু অবকাঠামো নির্মাণ নয়; বরং নাগরিকদের জীবন ও চলাচলকে নিরাপদ করা। পরিকল্পিত ফুটওভার ব্রিজ ও উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পথচারী ও যানবাহন উভয়ের জন্যই একটি নিরাপদ নগর গড়ে তোলাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লক্ষ্য।
এসময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন ও আবু সাদাত তৈয়বসহ চসিকের প্রকৌশল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।














