সীতাকুণ্ড থেকে পূবালী ব্যাংকের ৫০ লাখ টাকা লুটের মামলায় ব্যাংকটির নগরীর সিডিএ কর্পোরেট শাখার সাবেক গাড়িচালক বিজয় কুমার দাশকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ১০ লাখ ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। এ ছাড়া একই শাখার জুনিয়র অফিসার (ক্যাশ) রাজিবুর রহমান, নিরাপত্তারক্ষী মো. আশিকুর রহমান, তানজুর রহমান ও মাজহারুল ইসলামকে ১০ বছর করে কারাদণ্ড ও ১০ লাখ ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান খান এই রায় ঘোষণা করেন। এসময় দণ্ডপ্রাপ্ত ৫ আসামি কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। দুদক পিপি রেজাউল করিম দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন।
আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১১ ফেব্রুয়ারি পূবালী ব্যাংকের ৫০ লাখ টাকা লুটের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ব্যাংকটির সিডিএ করপোরেট শাখার সাবেক সহকারী মহাব্যবস্থাপক তৌফিকুর রহমান বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা করেন।
এতে বলা হয়, ঘটনার দিন বিকেলে জুনিয়র অফিসার (ক্যাশ) রাজিবুর রহমান নগরীর শেখ মুজিব রোড শাখা থেকে ৫০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে তিন নিরাপত্তারক্ষীসহ গাড়িতে করে সীতাকুণ্ড শাখায় যান। ওই শাখা থেকে আরও ৮১ লাখ টাকা সংগ্রহ করে তিনি নগরীর সিডিএ করপোরেট শাখার উদ্দেশে রওনা দেন। কিছুক্ষণ পর রাজিবুর রহমান ফোন করে সিডিএ করপোরেট শাখাকে জানান, গাড়িতে থাকা একটি বস্তা পাওয়া যাচ্ছে না। ওই বস্তায় সাড়ে ৫০ লাখ টাকা ছিল। আদালত সূত্র আরো জানায়, চাঞ্চল্যকর এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত শেষে পুলিশ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করলে ২০২২ সালের ১৬ মে উক্ত ৫ জনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।














