মেয়াদোত্তীর্ণ রি–এজেন্ট, টেকনোলজিস্ট ছাড়াই ইসিজি এবং অনুমোদন ছাড়া ফিজিওথেরাপি করায় কর্ণফুলীতে হেলথ কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরপাথরঘাটা ব্রিজঘাটস্থ এ প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা বলেন, প্রতিষ্ঠানটিতে ল্যাব টেকনোলজিস্ট না থাকা, মেয়াদোত্তীর্ণ এবং যথাযথ যন্ত্রপাতি এবং কেমিক্যাল রি–এজেন্ট না থাকলেও বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষার জন্য রোগীদের স্যাম্পল কালেকশন করাসহ বেশকিছু অনিয়ম পাওয়া গেছে। এছাড়াও চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত রি–এজেন্টের মেয়াদ ছিল না। যা স্বাস্থ্যসেবার জন্য মারাত্মক হুমকি।
ডা. মোছাম্মৎ জেবুন্নেসা আরও বলেন, এসব অপরাধে প্রতিষ্ঠানটি সিলগালা করার পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। অভিযানে থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।













