ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘অন্যায় ও অবিচারের’ বিরুদ্ধে বিশ্বের চিন্তাবিদ, মুক্তমনা মানুষ, লেখক ও শিল্পীদের উচ্চকণ্ঠ হওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মাজিদ মাজিদি। ‘কালার অব প্যারাডাইস’ ও ‘চিলড্রেন অব হ্যাভেন’ চলচ্চিত্রের এই নির্মাতা গতকাল বুধবার এক বার্তায় এ আহ্বান জানান।
সতীর্থদের উদ্দেশে মাজিদ মাজিদি বলেন, ইতিহাস সাক্ষ্য দেবে, দৃঢ় সংকল্প, ঐক্য ও সংহতির মাধ্যমে একটি জাতি কীভাবে বৈশ্বিক বিশাল চাপের মুখেও প্রতিরোধ গড়ে তুলেছিল। এই কারণে, বিশ্বের চিন্তাবিদ, মুক্তমনা মানুষ, লেখক ও শিল্পীদের দায়িত্ব হল মানুষের কষ্টের সামনে নীরব না থাকা এবং তাদের কলম, চিন্তা ও শিল্পের মাধ্যমে সত্য, ন্যায়বিচার ও মানব মর্যাদার পক্ষে দাঁড়ানো। আজ অন্যায় ও অবিচারের বিরুদ্ধে তাদের নৈতিক ও মানবিক দায়িত্ব অতীতের যে কোনো সময়ের চেয়ে আরও স্পষ্ট হয়ে উঠেছে। খবর বিডিনিউজের।
ইরানের পক্ষে সমর্থনের কথা তুলে ধরে তিনি বলেন, আমি নিশ্চিত, বিশ্বের বিভিন্ন দেশের বহু মানুষের হৃদয় ইরানের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে; কেননা স্বাধীনতা, মর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া ছাড়া আর কিছুই এ জাতি দাবি করেনি। আজ জাগরণের দিন, বিশ্বব্যাপী মুক্ত বিবেকের জেগে ওঠার দিন; আজ এমন এক দিন, যেদিন স্বাধীনচেতা মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় এবং মানুষের মর্যাদার পক্ষে কথা বলে।










