ঈদ উল ফিতরের জন্য বেশ কয়েকদিন বন্ধ থাকার পর সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আগামী ২৮ মার্চ থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আবার শুরু হচ্ছে। ঐদিন প্রথম খেলায় আবাহনী জুনিয়র–লিটল ব্রাদার্স (সকাল ৯টা) ও দ্বিতীয় খেলায় আগ্রাবাদ নওজোয়ান গ্রিন–রেলওয়ে রেঞ্জার্স (দুপুর ১টা) প্রতিদ্বন্দ্বিতা করবে। এদিকে গত ১০ মার্চ সংস্থার প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ সরওয়ার আলম স্বাক্ষরিত এক চিঠিতে আগামী ২৮ মার্চ চট্টগ্রাম জেলা স্টেডিয়াম মাঠ ১২ হাজার টাকায় চট্টগ্রাম সিক্সার নামে এক সংগঠনকে প্রীতি ক্রিকেট ম্যাচের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। এতে ক্লাব সমিতিসহ সংশ্লিষ্ট দলগুলোর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। ইতিপূর্বে সিজেকেএস নির্বাচিত কমিটি কোন সংগঠনকে স্টেডিয়াম ভাড়া দেয়ার জন্য নির্ধারিত অর্থ প্রতিদিন তিন লক্ষ টাকায় নির্ধারণ করে তা আদায় করেছিল। কিন্তু সে সিদ্ধান্তকে এড়িয়ে গিয়ে কিভাবে জেলা স্টেডিয়ামে চলমান টুর্নামেন্টকে উপেক্ষা করে স্বল্প টাকায় স্টেডিয়ামের মাঠ বরাদ্দ দেয়া হল তা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে।
চট্টগ্রামের বিশিষ্ট ক্রীড়া সংগঠক সিজেকেএস এর সাবেক সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান দায়িত্বে থাকাকালীন নির্বাহী কমিটির সভায় স্টেডিয়ামের মাঠ বরাদ্দ হিসেবে প্রতিদিন তিন লক্ষ টাকা নির্ধারণ করা হয়। এদিকে প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ সরওয়ার আলম জানান জেলা প্রশাসক, চট্টগ্রাম উপরোক্ত সংগঠনকে মাঠ ব্যবহারের অনুমোদন দিয়েছেন এবং সমন্বয় করেছেন এ্যাডহক কমিটির সদস্য সচিব, চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী। তিনি জানান এ নিয়ে সদস্য সচিবের সাথে ক্লাব সমিতির কোষাধ্যক্ষ আবদুল হান্নান আকবরের সাথেও কথা হয়েছে।










