বাঙালির স্বাধীনতার মহাকাব্য

শাহিদা জাহান | বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ at ৬:১০ পূর্বাহ্ণ

২৬ মার্চ কেবল একটি ক্যালেন্ডারের তারিখ নয়! এটি বাঙালির অস্তিত্বের প্রশ্ন, আত্মপরিচয়ের ঘোষণা এবং মুক্তির সংগ্রামের চিরন্তন প্রতীক। এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে স্বাধীনতা কোনো উপহার নয়! এটি অর্জিত হয় সংগ্রাম, ত্যাগ, অদম্য সাহসের মাধ্যমে। ইতিহাসের বাস্তবতা হলো, স্বাধীনতা কখনও আকস্মিকভাবে আসে না। এটি গড়ে ওঠে রাজনৈতিক আন্দোলন, সামাজিক চেতনা, সাংস্কৃতিক প্রতিরোধ এবং মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে। ১৯৪৭ সালে ভারত উপমহাদেশের বিভাজন ও পাকিস্তানের সৃষ্টি পূর্ব বাংলার মানুষের ভাগ্যে প্রকৃত স্বাধীনতা আনে না। পাকিস্তানের রাষ্ট্র কাঠামোর ভেতরেই পূর্ব বাংলার মানুষকে পরিকল্পিতভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক বঞ্চনার শিকার হতে হয়। পশ্চিম পাকিস্তানী শাসকগোষ্ঠী কেন্দ্রীয় ক্ষমতা, প্রশাসন ও অর্থনৈতিক সম্পদের অধিকাংশ নিজেদের হাতে কেন্দ্রিভূত রাখে। পূর্ব বাংলার মানুষ দেশপ্রাণ ও শ্রমিক শক্তিতে সংখ্যাগরিষ্ঠ হয়েও রাষ্ট্রীয় ক্ষমতা থেকে বঞ্চিত থাকে। এই বৈষম্য কেবল অর্থনীতি বা প্রশাসন পর্যন্ত সীমাবদ্ধ ছিল না! সামাজিক, অর্থনৈতিক সাংস্কৃতিক, ভাষাগত মানসিক অধিকার পর্যন্ত বিস্তৃত ছিল।

১৯৪৮ সালে পাকিস্তানের শাসকগোষ্ঠী উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করার চেষ্টা করলে বাঙালির জাতীয় চেতনায় আঘাত হয়। মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য জন্ম নেয় ভাষা আন্দোলন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি শহীদ সালাম, বরকত, রফিক, জব্বারসহ বহু তরুণ জীবন উৎসর্গ করে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি দৃঢ় করে। ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির আত্মপরিচয় রক্ষার প্রথম বড় সংগ্রাম এবং স্বাধীনতার আন্দোলনের ভিত্তি স্থাপন।

এরপর একের পর এক রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি স্বাধীনতার দিকে এগিয়ে যেতে থাকে। ১৯৬৮ সালে আগরতলা ষড়যন্ত্র মামলার মাধ্যমে বঙ্গবন্ধুকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিচারের মুখোমুখি আনা হলে, বাঙালির রাজনৈতিক চেতনায় নতুন বিস্ফোরণ ঘটায়। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান পাকিস্তানি শাসনের ভিত নড়িয়ে দেয়। শেখ মুজিবুর রহমান ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত হয়ে বাঙালি জাতির অপ্রতিদ্বন্দ্বী নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী ক্ষমতা হস্তান্তর হওয়ার কথা থাকলেও পাকিস্তানি সামরিক শাসকগোষ্ঠী নানা অজুহাতে ক্ষমতা হস্তান্তর বিলম্বিত করতে থাকে। এতে রাজনৈতিক সংকট চরম আকার ধারণ করে এবং বাঙালি জাতি স্বাধীনতার পথে দৃঢ়ভাবে অগ্রসর হয়।

১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ঐতিহাসিক ভাষণে জাতিকে স্বাধীনতার সংগ্রামের জন্য প্রস্তুত করেন। ভাষণে তিনি ঘোষণা করেন– ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ এই ভাষণ ছিল এক জাতির স্বাধীনতার অঘোষিত ঘোষণা, প্রতিরোধ যুদ্ধের রূপরেখা। পাকিস্তানি সামরিক জান্তা গণতান্ত্রিক সমাধান না বেছে ২৫ মার্চ গভীর রাতে ‘অপারেশন সার্চলাইট’ নামে পরিকল্পিত গণহত্যা অভিযান শুরু করে। ঢাকার বিভিন্ন এলাকা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইপিআর সদর দপ্তর, পুলিশ লাইন সহ নিরস্ত্র বাঙালিদের ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয়। ইতিহাসে এটি এক ভয়াবহ গণহত্যার উদাহরণ।

এই ভয়াবহ পরিস্থিতিতে ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। বাঙালি জাতিকে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। মুহূর্তের মধ্যেই সমগ্র জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দেশের সর্বস্তরের মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। দীর্ঘ নয় মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি এক অভূতপূর্ব আত্মত্যাগের ইতিহাস রচনা করে। প্রায় ৩০ লাখ মানুষ শহীদ হন, দুই লক্ষাধিক নারী পাকিস্তানি বাহিনীর নির্মম নির্যাতনের শিকার হন। এক কোটি মানুষ শরণার্থী হয়ে প্রতিবেশী ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। অবশেষে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সম্মিলিত আক্রমণে পাকিস্তানি বাহিনী পরাজিত হয়, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। সেই দিন বিশ্বের মানচিত্রে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

স্বাধীনতা অর্জিত হয় বাঙালির আন্দোলন, অদম্য সাহস অসীম আত্মত্যাগের মাধ্যমে। মুক্তিযুদ্ধ মানবিক মর্যাদা, গণতন্ত্র, ভাষা ও সংস্কৃতির অধিকার রক্ষার এক অনন্য দৃষ্টান্ত। স্বাধীনতার ইতিহাস শুধুমাত্র অতীতের স্মৃতি নয়! এটি ভবিষ্যতের পথনির্দেশও বটে। স্বাধীনতার প্রকৃত তাৎপর্য পূর্ণ হয়, যখন একটি জাতি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ন্যায়, গণতন্ত্র, মানবাধিকারের আদর্শে একটি উন্নত রাষ্ট্র গড়ে তোলে।

২৬ মার্চ শুধু স্বাধীনতার সূচনা নয়, এটি বাঙালি জাতির অদম্য সাহস, আত্মপরিচয়, গণতান্ত্রিক চেতনা, ভবিষ্যতের অঙ্গীকারের চিরন্তন প্রতীক। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে স্বাধীনতা কোনো দান নয়, এটি রক্তে ক্রয়কৃত, জাতির জীবনের শ্রেষ্ঠ অর্জন, সোনালী অধ্যায়। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম, অসামপ্রদায়িক আদর্শে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা, এটাই ২৬ মার্চের প্রকৃত তাৎপর্য। নতুন প্রজন্মকে এই ইতিহাস জানানো এবং স্বাধীনতার মূল্য উপলব্ধি করানো আমাদের জাতীয় দায়িত্ব।

২৬ মার্চ কেবল অতীতের কোন স্মৃতি নয়, এটি ভবিষ্যতের অঙ্গীকার, স্বাধীনতার শপথ, বাঙালি জাতির অদম্য সাহস চিরন্তন গৌরবগাঁথার প্রতীক। এই দিনে বাঙালি জাতি প্রমাণ করে, দীর্ঘ দমন, বৈষম্য ও নিপীড়নের বিপরীতেও একটি জাতি তার স্বাধীনতা অর্জন করতে পারে, মর্যাদা রক্ষা করতে পারে, একটি শক্তিশালী, অসামপ্রদায়িক রাষ্ট্র নির্মাণ করতে পারে। স্বাধীনতার মহান এই মহাকাব্য আমাদের জন্য প্রেরণা, নতুন প্রজন্মকে শিখায় যে সংগ্রাম, ঐক্য, আত্মত্যাগ এবং অদম্য সাহস ছাড়া কোনো জাতি স্বাধীনতা অর্জন করতে পারে না। ২৬ মার্চ আমাদের স্মরণ করিয়ে দেয়, যে প্রতিটি রক্তবিন্দু, প্রতিটি ত্যাগ, প্রতিটি ন্যায়ের জন্য লড়াই কেবল ইতিহাস নয়, এটি ভবিষ্যতের পথ প্রদর্শক।

২৬ মার্চ বাঙালির জাতীয় চেতনাকে অম্লান রাখে, গণতান্ত্রিক আদর্শ ও মানবিক মূল্যবোধকে শক্তিশালী করে, শেখায় যে স্বাধীনতা কোনো একক ব্যক্তি বা মুহূর্তের ফল নয়। এটি হল বাঙালি জাতির দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগ ও ঐক্যের ফল। এই দিনটি আমাদেরকে উদ্বুদ্ধ করে নতুন প্রজন্মকে দায়িত্ববান, ন্যায্যচেতা ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে। ২৬ মার্চ চিরকাল বাঙালির হৃদয়ে বাজবে স্বাধীনতার গীত, সাহসের প্রতীক এবং মানবিক মর্যাদার অমর নিদর্শন হিসেবে। ২৬ মার্চ আমাদের দিয়েছেন, মানচিত্র, একটি পতাকা, আত্মমর্যাদার পরিচয়।

তাই ২৬ মার্চ শুধু একটি দিন নয়। এটি আমাদের শপথস্বাধীনতার মর্যাদা রক্ষা করার শপথ। বাঙালির স্মৃতি, রক্তে লেখা ইতিহাসের, ভবিষ্যৎ, ন্যায়ভিত্তিক, মানবিক, অসামপ্রদায়িক বাংলাদেশের স্বপ্ন। যতদিন বাংলাদেশ থাকবে, আকাশে লালসবুজের পতাকা উড়বে, ততদিন ইতিহাস বলবেএকটি জাতি ছিল, যারা অন্যায়ের সামনে মাথা নত করেনি। বাঙালি জাতি রক্ত দিয়ে লিখেছিল স্বাধীনতার নাম। একটি স্বাধীন বাংলাদেশ।

লেখক : প্রাবন্ধিক, কবি ও শিক্ষক।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধ জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন
পরবর্তী নিবন্ধস্বপ্নের স্বাধীনতা