পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, শিশু জান্নাতুল নাইমা ইরা (ইরা মনি) হত্যাকাণ্ডের সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নিহত শিশু ইরার বাড়িতে এসেছি পরিবারের সকলকে সমবেদনা জানাতে। আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এ হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। নিষ্পাপ শিশুটির কি দোষ ছিল?
গতকাল বুধবার দুপুরে সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকার মাস্টার পাড়া গ্রামের বাসিন্দা মনিরুল ইসলামের মেয়ে নিহত শিশু ইরার শোকাহত পরিবারকে দেখতে এবং খোঁজখবর ও সমবেদনা জানাতে এসে পার্বত্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, এটি একটি নৃশংস ও জঘন্যতম অপরাধ। এ ঘটনার দ্রুত তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এদিকে প্রতিমন্ত্রী শিশু ইরার বাড়িতে পৌঁছালে ইরার মা–বাবা ও তার আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তিনি শোকাহত পরিবারের পাশে বসে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দিয়ে বলেন, এটি একটি নৃশংস ও জঘন্য অপরাধ। অপরাধীরা যতই শক্তিশালী বা প্রভাবশালী হোক না কেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। দ্রুত তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। পার্বত্য প্রতিমন্ত্রী এসময় ইরার পরিবারকে সরকারের পক্ষ থেকে সবরকম সহযোগিতা করার আশ্বাস দেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম, ওসি মহিনুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












