চট্টগ্রাম ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট গতকাল সোমবার থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। এতে জয়লাভ করে মোহরা এশিয়ান স্পোর্টস ক্লাব এবং চিটাগাং রয়েল। দিনের প্রথম খেলায় মোহরা এশিয়ান ১১ রানে সিএসসিএল ক্লাবকে পরাজিত করে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে মোহরা এশিয়ান। ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে আফনান চৌধুরী সর্বোচ্চ ৫৩ রান করেন ৫৩ বল খেলে। এছাড়া এস এন সুহু ইবনে ২৩ বল খেলে ২৮ রান করেন। বাকিরা কেউ দুই অংকের ঘরে যেতে পারেননি। সিএসসিএল ক্লাবের পক্ষে আবদুল্লাহ আবির ৩টি এবং জুনায়েদ হোসেন ২টি উইকেট নেন। ১টি করে উইকেট পান সজীব, ফাইরিভ এবং মিফতাউল। জবাবে সিএসসিএল ক্লাব ১৯.৩ ওভার খেলে ১০৯ রানে অল আউট হয়ে যায়। দলের পক্ষে জুনায়েদ হোসেন ২৯,মিফতাউল আলম ১৬, আলভী আহমেদ ১২,মইনুল ১১,সাফিন মনির ১১ এবং ফাইরিভ হুমায়ুন ১০ রান করেন। অতিরিক্ত থেকে যোগ হয় ১১ রান। মোহরা এশিয়ানের পক্ষে আদিল কবির ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে একাই ৫ উইকেট দখল করেন। এছাড়া জুলহাসর সাগর ২টি,মোবারক হোসেন এবং তন্ময় সূত্রধর ১টি করে উইকেট পান। প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মোহরা এশিয়ান স্পোর্টিং ক্লাবের আদিল কবির। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিল জি এম হাসান ও সোহেল আহমেদ।
দিনের দ্বিতীয় খেলায় চিটাগাং রয়েল ৬৩ রানে ডবলমুরিং ক্লাবকে পরাজিত করে। টসে জিতে রয়েল প্রথমে ব্যাট করতে নামে। ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে তারা ১৫২ রান সংগ্রহ করে। দলের পক্ষে ফারহান অপরাজিত ২৫, ইমরান হাসান ২১, রাবিব হোসেন ১৬,রাহাত ১৪,আদি ১০ এবং নাহিদ ১০ রান করেন। অতিরিক্ত থেকে যোগ হয় সর্বোচ্চ ৩১ রান। ডবলমুরিং ক্লাবের পক্ষে ২টি করে উইকেট পান রাজু,যুবরাজ এবং মাসুদ। ১টি করে উইকেট নেন রাজা এবং সিয়াম।
জবাব দিতে নেমে ডবলমুরিং ক্লাব ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ৮৯ রান তুলতে সমর্থ হয়। দলের লিখন ২৮ এবং জয় দাশ ২৪ রান করেন। দু’অংকের ঘরে যেতে পারেননি আর কেউই। অতিরিক্ত থেকে জমা হয় ১৯ রান।
চিটাগাং রয়েলের পক্ষে ২টি করে উইকেট নেনদলের পাঁচ বোলার। তারা হলেন রিদওয়ান, মহিউদ্দিন,রাহাত,ফারহান এবং সাজ্জাদ। প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চিটাগাং রয়েলের সাজ্জাদ হোসেন। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর ও পরিচালক ক্লিফটন গ্রুপ এম ডি এম মহিউদ্দিন চৌধুরী ও সিজেকেএস কাউন্সিলর ফয়সল বিন ফিরোজ। এর আগে সিসিএস ট্যালেন্ট কাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম – ৯ আসনের নব–নির্বাচিত সংসদ সদস্য আবু সুফিয়ান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাব রেজা চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার চট্টগ্রাম আবদুল বারী, সিজেকেএস ক্লাব সমিতির সহ–সভাপতি আমিনুল ইসলাম ও লোকমান হাকিম, যুগ্ম সম্পাদক ওয়াহিদ দুলাল ও শাহাবুদ্দিন জাহাঙ্গীর, সংগাঠনিক সম্পাদক ফরিদ আহাম্মদ, কোষাধ্যক্ষ আবদুল হান্নান আকবর, সদস্য মো. সরওয়ার আলম চৌধুরী মনি, আবু সামা বিপ্লব, আলী আহসান রাজু, ক্রীড়া সংগঠক আনোয়ার হোসেন লিপু, সিজেকেএস কাউন্সিলর জি এম হাসান, সৈয়দ গিয়াস উদ্দিন হেলাল, প্রবীন কুমার ঘোষ, আলী আকবর, আবুল হাসেম রাজা, মামুনুল ইসলাম মামুন, সোহেল আহমেদ।










