সময় লাগলেও আগামীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। গতকাল শনিবার দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি আবাহনী মাঠে আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ইফতার মাহফিলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের স্বাগত জানান।
আলোচনা অনুষ্ঠানে সালাহউদ্দিন বলেন, এনসিপি এই এক বছরে অনেক দূর আসতে সক্ষম হয়েছে। যেভাবেই হোক রাজনীতিতে নির্বাচনি সমঝোতার মধ্য দিয়ে, নির্বাচনি জোটের মধ্য দিয়ে তারা বাংলাদেশের জাতীয় সংসদে ছয়টি আসন পেয়েছে। এই ছয়টি আসন ভবিষ্যতে বৃদ্ধি হতে হতে একদিন তারা হয়তোবা রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহন করবে। সময় লাগবে, কিন্তু সবকিছু ওভারনাইট হয় না। খবর বিডিনিউজের।
তিনি বলেন, এনসিপি রাজনৈতিক দল হিসেবে যেদিন থেকে শুরু হয়েছে আমি আশাবাদী হয়েছি এদেশের রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ আরো বেশি মর্যাদা দান করবে, উৎসাহিত করবে, রাজনীতিকে অনেক বেগবান করবে, তারুণ্যের চাহিদাকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। আশা করি রাজনীতির এই কণ্টকাকীর্ণ মাঠে সবাই উত্থান পতনকে মেনে নেই। এই উত্থান পতনকে যারা মানতে পারেননি তারা রাজনীতিতে টিকে থাকেনি। এই রাজনীতিতে মানুষের চাহিদাকে যারা লালন করবে এবং জনগণের চাহিদাকে সমুন্নত রেখে এদেশের সকল মানুষকে রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করবে সেরকম একটি রাজনীতি বর্তমান প্রজন্ম চায়, আগামী প্রজন্ম চায়। রাজনীতির মাঠে অনেকের সাইনবোর্ড হিসেবে ব্যবহার হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, এনসিপি সত্যিকার অর্থে এদেশের মানুষকে প্রতিনিধিত্ব করে। দেশের জনমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে। দলটির নির্বাচনি ইশতেহার অনুযায়ী জনগণের চাহিদা পূরণ করবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জাতীয় স্বার্থে সবাইকে এক থাকার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, দ্বন্দ্ব হবে, বিতর্ক হবে কিন্তু জাতীয় স্বার্থে সবাই এক থাকব। জাতীয় সংসদকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করব।












