রোহিঙ্গা ক্যাম্পের ৮০টি গ্যাসের সিলিন্ডার উদ্ধার, আটক ২

‎পেকুয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:০০ অপরাহ্ণ

‎পেকুয়া থেকে চুরি হওয়া রোহিঙ্গা ক্যাম্পের ৮০ টি গ্যাসের সিলিন্ডার চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পেকুয়া থানা পুলিশ। এসময় চুরির ঘটনার সাথে জড়িত ২ জনকে আটক করা হয়।

‎বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে পেকুয়া থানার এসআই মোঃ সাজ্জাদ চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রাম শহরের চাক্তাই এলাকায় অভিযান পরিচালনা করে আটক ব্যক্তিদের কাছ থেকে এসব গ্যাসের সিলিন্ডার উদ্ধার করা হয়।

‎এসময় চুরির ঘটনা সাথে জড়িত চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার নুরুল ইসলামের ছেলে মোঃ ইলিয়াস (৪০) ও বায়েজিদ থানার জালালাবাদ এলাকার মোঃ বাচ্চু মিয়া ছেলে মোঃ কাউছার (৩৬)’কে আটক করা হয়।

‎গত ২১ ফেব্রুয়ারি সকালে একটি ছাদ খোলা ট্রাকে করে বাগেরহাটের মোংলা থেকে সিলিন্ডারগুলো রিফিল করে উখিয়া ক্যাম্পে নেয়ার পথে পেকুয়া চৌমুহনী ফিলিং স্টেশন এলাকায় চুরির ঘটনা ঘটে।

‎পুলিশ সুত্রে জানা যায়, কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ব্যবহৃত জাতিসংঘের অর্থায়নে ৭০০ টি রিফিল করা গ্যাস সিলিন্ডার ছাদ খোলা ট্রাকে করে মোংলা থেকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নেয়ার পথে গাড়িটি পেকুয়া চৌমুহনীস্থ ফিলিং স্টেশন এলাকায় যাত্রা বিরতি নেয়। এ সময় ড্রাইভারের চোখ ফাঁকি দিয়ে গাড়ির হেলপারের সহযোগিতায় ৮০টি সিলিন্ডার কৌশলে সরিয়ে চট্টগ্রামে আটককৃতদের হেফাজতে নিয়ে যায়। যাত্রা বিরতি শেষে গাড়ির ড্রাইভার হেলপারকে খুঁজে না পেয়ে সন্দেহ হলে সিলিন্ডার গুনে দেখে চুরির বিষয়টি নিশ্চিত হয়।

এ বিষয়ে পেকুয়া থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গাড়ির হেলপার চুরির ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়। পুলিশ ঘটনার সাথে জড়িতদের আটক ও চোরাই মালামাল উদ্ধারে চট্টগ্রাম নগরীর চাক্তাই এলাকায় অভিযান চালিয়ে এসব সিলিন্ডার উদ্ধার করে। আটককৃতরা চোরাই মালামাল গাড়ির হেলপার মোহাম্মদ নুর নবী (২৩) ও অজ্ঞাতনামা কয়েকজনের কাছ থেকে কম টাকায় কিনে নিয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানায়।

‎পেকুয়া থানার ওসি খাইরুল আলম ঘটনার বিষয়ে জানান, জাতিসংঘের অর্থায়নে রোহিঙ্গা ক্যাম্পে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার (যা বিক্রয় যোগ্য নয়) পেকুয়ায় যাত্রা বিরতির কোন এক সময় কৌশলে গাড়ির হেলপারের সহযোগিতায় চুরির করে অন্য একটি গাড়িতে ট্রান্সফার করে নেয়। ঘটনার সাথে জড়িত ২ জনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মতে অভিযান পরিচালনা করে চট্টগ্রাম নগরীর চাক্তাই এলাকা থেকে ৮০ টি চোরাই সিলিন্ডির জব্দ করা হয়। 

ঘটনার বিষয়ে ‎বেক্সিমকো কোম্পানির এলপিজির ফ্যাক্টরি টিএসএস লজিস্টিক লিমিটেড ট্রান্সপোর্ট কোম্পানির প্রতিনিধি বাদি হয়ে পেকুয়া থানার মামলা দায়ের করেন। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার মূলহোতা গাড়ির হেলপার মোহাম্মদ নুর নবীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে প্রকাশ্যে ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় মামলা, কারাগারে ৫
পরবর্তী নিবন্ধপার্কভিউ হসপিটালের আয়োজনে চিকিৎসকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত