টিসিবির ট্রাকসেলে নতুন নিয়ম

বারবার পণ্য নেওয়া ঠেকাতে ক্রেতাদের আঙুলে লাগানো হচ্ছে অমোচনীয় কালি

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:৪২ পূর্বাহ্ণ

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশটিসিবি নগরীতে ট্রাকসেলে পণ্য বিক্রির ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে। এবার ট্রাকসেলের সামনে থেকে সরকারের এই ন্যায্যমূল্যের পণ্য নিতে দাঁড়ানো ক্রেতাদের হাতের আঙ্গুলে লাগানো হচ্ছে অমোচনীয় কালি। টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, একজন যাতে বারবার পণ্য নিতে না পারে এবং লাইনে দাঁড়ানো সবাই যাতে পণ্য পায়এ জন্য এ নিয়ম চালু করা হয়েছে। গতকাল নগরীর চকবাজারস্থ মেডিকেল স্টাফ কোয়ার্টারের সামনেসহ বেশ কয়েকটি স্পটে টিসিবির ট্রাকসেলে এই দৃশ্য দেখা গেছে।

এ ব্যাপারে টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক অফিসের যুগ্ম পরিচালক মো. শফিকুল ইসলাম আজাদীকে বলেন, আগে উন্মুক্ত পদ্ধতিতে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বিক্রি কার্যক্রম ‘ট্রাকসেল’ এর সামনে লাইনে দাঁড়িয়ে এক ব্যক্তি বারবার পণ্য নিয়ে যেত। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও অনেকেই টিসিবির পণ্য পেত না। খালি হাতে অনেকেই ফিরে যেত। এখন ট্রাকসেল থেকে ন্যায্যমূল্যের পণ্য নেয়ার সময় সংশ্লিষ্ট ক্রেতার হাতের আঙ্গুলে অমোচনীয় কালি লাগানো হচ্ছে। যাতে ওই ব্যক্তি দ্বিতীয়বার আর পণ্য নিতে না পারে। এর ফলে অধিক সংখ্যক ক্রেতা টিসিবির ট্রাকসেলের পণ্য পাবেন।

মো. শফিকুল ইসলাম বলেন, পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রাম মহানগরীতে গত ১৭ ফেব্রুয়ারি থেকে ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি উন্মুক্ত পদ্ধতির ট্রাকসেলও শুরু হয়েছে। প্রতিদিন নগরীর ২০টি পয়েন্টে ট্রাকসেলে পণ্য বিক্রি করা হচ্ছে ক্রেতাদের মাঝে। এই কার্যক্রম আগামী ১২ মার্চ পর্যন্ত চলবে। একটি ট্রাকে ৪০০ জনের জন্য পণ্য দেয়া হচ্ছে। প্রতিদিন মোট আট হাজার ভোক্তার কাছে পণ্য বিক্রি হয়।

টিসিবি চট্টগ্রাম অফিস থেকে জানা গেছে, টিসিবির ট্রাক থেকে একজন ক্রেতা ১১৫ দামে সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, ৭০ টাকা দামে দুই কেজি মসুর ডাল, ৮০ টাকা দামে ১ কেজি চিনি, ৬০ টাকা দামে এক কেজি ছোলা, ৮০ টাকা দামে ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন। এতে খরচ হবে ৫৯০ টাকা।

পূর্ববর্তী নিবন্ধ১২ কেজি এলপিজির দাম কমল ১৫ টাকা
পরবর্তী নিবন্ধঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ