ভালোবাসি বলতে চাই

| মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৩২ পূর্বাহ্ণ

এবারের ভালোবাসা দিবস উপলক্ষে সংগীতশিল্পী পার্থ প্রতীম রায়ের নতুন গান ‘ভালোবাসি বলতে চাই’ এর মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। পার্থর ইউটিউব চ্যানেল পিপিআর মিউজিকে এসেছে গানটি। খবর বিডিনিউজের।

এছাড়া তার ফেসবুক পেইজেও গানটি আসবে আগামী সপ্তাহে। গানটি গাওয়ার পাশাপাশি কথা লিখেছেন পার্থ, সুরও বুলিয়েছেন তিনি। পেশাগত জীবনে এই আইটি বিশেষজ্ঞ বলেন, ‘ভালোবাসি বলতে চাই’এটি কেবল একটি গান নয়, বরং আমার হৃদয়ের খুব কাছের এক অনুভূতি। আইটি সেক্টরে কাজের ব্যস্ততার মাঝেও আমি এই গানে সেই সহজ ও গভীর অনুভূতির সুর বেঁধেছি। কথা, সুর ও গায়কিতে চেষ্টা করেছি ভালোবাসার সেই চিরাচরিত মায়া আর কাঠগোলাপের মতো শুভ্রতাকে তুলে ধরতে। আশা করি, যারা ভালোবাসতে জানেন এবং ভালোবাসার স্বপ্ন দেখেন, তাদের প্রত্যেকের মনের এক কোণে গানটি জায়গা করে নেবে। গানটির সংগীতায়োজন ও মিক্সমাস্টার করেছেন রূপন চৌধুরী। ভিডিও নির্মাণ করেছেন সি এফ জামান। অভিনয়ে আছেন মামুন খান, সুষ্মিতা ও পার্থ প্রতীম রায়। দীর্ঘ কয়েক দশক ধরে মঞ্চে, টেলিভিশনের পর্দায় এবং বেতারে গান গাইলেও এবারই প্রথম মিউজিক ভিডিওতে অভিনয়ে আসলেন পার্থ। পার্থ মনে করেন, এই বসন্তে প্রতিটি ভালোবাসাই যেন নতুন করে ভাষা খুঁজে পায়। আগামীতে আরও কিছু গান দর্শকশ্রোতাদের জন্য নিয়ে আসার পরিকল্পনা রয়েছে গায়কের।

পূর্ববর্তী নিবন্ধথাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের আরেকটি রোমাঞ্চকর জয়
পরবর্তী নিবন্ধআবারও কোটি টাকা অনুদান পেল যে সিনেমা