৪ দিনের ছুটিতে বিপুল মানুষ গেছে গ্রামে, নগর ফাঁকা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:২৩ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে চার দিনের ছুটি। ছুটির কারণে বিপুল সংখ্যক মানুষ শহর ছেড়ে গ্রামে চলে গেছে। ফলে নগরীতে ঈদের আবহ বিরাজ করছে। গতকাল বুধবার দিনভর নগরীর ব্যস্ততম মোড়গুলোতে রিকশা, টেঙি কিংবা অন্য যানবাহনের জটলা চোখে পড়েনি। যানজটে স্থবির হয়ে থাকা এলাকাগুলোতে ছিল না গাড়ির চাপ। পথচারীসহ লোকজনের আনাগোনাও ছিল কম। জিইসি মোড় শহরের ব্যস্ততম একটি এলাকা। প্রতিদিন যানজটে এলাকাটি স্থবির থাকে। কিন্তু গত সন্ধ্যায় ব্যস্ততম এই মোড়ে যানবাহনের সংখ্যা ছিল হাতে গোনা। জিইসি মোড়ে কথা হয় মোহাম্মদ নাজিম উদ্দিন মনজুর সঙ্গে। তিনি বলেন, শহর ফাঁকা। সবাই গ্রামে চলে গেছে।

স্থানীয় রিকশাচালক কামাল জানান, যাত্রী নেই। ভাড়া পাওয়া যাচ্ছে না। প্রতিদিন যাত্রীদের যে চাপ থাকে তার সিকিভাগও নেই। শহরের বেশিরভাগ লোক গ্রামে চলে গেছে বলে জানান তিনি।

ষোলশহর দুই নম্বর গেট, মুরাদপুর মোড়, বহদ্দারহাটসহ নগরীর যানজটকবলিত এলাকাগুলোতে গত সন্ধ্যায় যানবাহনের সংখ্যা ছিল একেবারে কম। লোকজনের জটলাও তেমন ছিল না। আগামী রোববারের আগে শহরে স্বাভাবিক প্রাণচাঞ্চল্য ফিরবে না বলছেন তারা।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনে নারীদের নিরাপদ ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
পরবর্তী নিবন্ধভোটের আগের দিন রাউজানের কদলপুরে প্রবাসীর ঘরে গুলি, আতংক