এ নির্বাচন একটি নতুন বাংলাদেশের রূপরেখা

চন্দনাইশে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে জেলা প্রশাসক

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের জেলা প্রশাসক ও এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন,আগামী ১২ ফেব্রুয়ারী যে নির্বাচন হতে যাচ্ছে, তা শুধু ক্ষমতার পালাবদল নয়, চেয়ার পরিবর্তনের নয়,একটি নতুন বাংলাদেশের রূপরেখা। এটা বাংলাদেশকে পরিবর্তনের ও মেরামতের আয়োজন। তিনি গতকাল বুধবার এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চন্দনাইশ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, এই নতুন বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখতে আমরা সম্মিলিতভাবে মাঠে নেমেছি। এতে কোনোভাবে পরাজিত হওয়ার সুযোগ নেই, জয় আনতে হবে। রাষ্ট্রের ভাবমূর্তি দেশবিদেশের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। এজন্য সকল প্রকার নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। দেশ গঠনে দায়িত্বশীল হিসেবে শতভাগ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। যে কোনো দুর্ঘটনায় ৩ থেকে ৫ মিনিটের মধ্যে প্রশাসনের লোক হাজির হবে। এ ব্যাপারে প্রয়োজনে ভোটারদের বুঝাতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাজিব হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজিম উদ্দীন খাঁন, ১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক লে. কর্ণেল মো. মাহমুদুল হাসান, চট্টগ্রাম জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট ও পরিচালক মোহাম্মদ মোস্তাক আহমদ, জেলার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক গোলাম মঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, জেলা আনসার ও ভিডিপির কমান্ডার পারভীন আক্তার, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ। উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার ভূমি ঝন্টু বিকাশ চাকমা, কৃষি কর্মকর্তা মো. আজাদ হোসেন, ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসমৃদ্ধ সাতকানিয়া-লোহাগাড়া গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাই
পরবর্তী নিবন্ধআপনাদের সহযোগিতায় দেশের মহাকাব্য রচনা করব- চট্টগ্রাম জেলা প্রশাসক