জুলাইয়ের ছাত্রজনতার অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ফাঁসির রায়ের পর চবিতে আনন্দ মিছিল করেছে একদল শিক্ষার্থী। গতকাল সোমবার বিকেলে শহীদ মিনার থেকে এই মিছিল শুরু হয়। পরে মিছিলটি ব্যবসায় প্রশাসন অনুষদ এলাকা হয়ে কাটা পাহাড় সড়ক অতিক্রম করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়। জিরো পয়েন্টে সমাবেশ শেষে শিক্ষার্থী তাহসান হাবিব বলেন, বাংলাদেশের ভাগ্যাকাশে এক ফ্যাসিস্টের আবির্ভাব হয়েছিল, আজ সেই ফ্যাসিস্টের ফাঁসির রায় হয়েছে। আমরা চাই, শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে এসে অতি দ্রুত এই রায় বাস্তবায়ন করা হোক। এই রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে দেশের মানুষ এখন আর গুম–খুনের রাজনীতি পছন্দ করে না। ভবিষ্যতে যারা গুম–খুনের রাজনীতি করবে তাদের পরিণতিও এমন হবে।











