নগরীর বায়েজিদ থানাধীন চন্দ্রনগর এলাকায় সাদিয়া’স কিচেনের কারখানায় চট্টগ্রাম জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মেট্রোর পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। গতকাল বৃহস্পতিবার নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ ও তৈরির দায়ে প্রতিষ্ঠানটির মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসরাফিল জাহান। তিনি বলেন, অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ–তৈরি, পণ্যের লেবেলিং না থাকা, ফ্রিজে কাঁচা ও রান্নাকৃত খাদ্য একত্রে রাখা, লেবেলবিহীন খাদ্য সংরক্ষণ, রান্নাঘরের পাশে মুরগী পালন, খাদ্যকর্মীদের ইউনিফর্ম না থাকা ও বিভিন্ন লাইসেন্স সনদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ধারা ৩৩ অনুযায়ী সাদিয়াস কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ মুনতাসির মাহমুদ, নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াসিনুল হক চৌধুরী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম।













