বান্দরবানে আগুনে পুড়ল ঘরসহ ফলদ-বনজ বাগান

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ মার্চ, ২০২৫ at ৬:৩৪ পূর্বাহ্ণ

বান্দরবানের টাইগার পাড়া এলাকায় আগুনে পুড়েছে বাগান বাড়িসহ কয়েকটি ফলদ–বনজ বাগান। গতকাল সোমবার দুপুরে ১টায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার টাইগার পাড়া এলাকায় নীলাচল–রুপালী ঝর্না সড়কে দুর্বৃত্তদের লাগানো আগুনে শাহরিয়ারের বাগান বাড়ি, ফলজ বাগান, শাহাজাহানের রাবার বাগান, জসিমের বনজ বাগান, প্রসন্ন কান্তির ফলজ বাগান সম্পূর্ণ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। গতকাল সন্ধ্যা পর্যন্ত আগুনে আশপাশের আরও কয়েকটি ফলজ–বনজ বাগানের অংশ বিশেষ পুড়ে গেছে। শাহরিয়ারের বাগানের কেয়ারটেকার অনন্ত চাকমা বলেন, আগুন লাগার কারণ খোঁজে পাচ্ছি না। পাশ্ববর্তী রাবার বাগান দেখতে কয়েকজন লোক এসেছিল দেখেছি। কারোর সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে, শত্রুতা বসেও আগুন লাগিয়ে থাকতে পারে।

ক্ষতিগ্রস্ত বাগানের মালিক শাহজাহান বলেন, আগুন কীভাবে লেগেছে জানি না। আমাদের রাবার বাগান পুড়ে গেছে। আগুনের ব্যাপকতা অনেক বেশি ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, আগুন লাগার কারণটা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পানির স্বল্পতা আর আগুনের ব্যাপকতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনাটা সম্ভব হয়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো যাবে।

পূর্ববর্তী নিবন্ধফুটন্ত ফুল ডবলমুরিং জোনের এসেম্বলি সম্পন্ন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম শিশু বিকাশ কেন্দ্রে নতুন পোশাক বিতরণ