সাত প্রতিষ্ঠান ও ১২ ব্যক্তিকে ১৩৪ কোটি টাকা জরিমানা

শেয়ার কারসাজি

আজাদী প্রতিবেদন | বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ at ৭:৩০ পূর্বাহ্ণ

শেয়ার কারসাজির দায়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির সাত প্রতিষ্ঠান ও ১২ ব্যক্তিকে মোট ১৩৪ কোটি ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৯৩৫তম সভায় উক্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসি সূত্র জানিয়েছে, গতকাল অনুষ্ঠিত সভায় বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড ও বেক্সিমকোর অঙ্গ প্রতিষ্ঠান শাইনপুকুরের বিগত ৫ বছরের স্পেশ্যাল অডিট সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ২০২০ সালের ৩ আগস্ট থেকে ২০২১ সালের ২০ এপ্রিল এবং ২০২১ সালের ১ এপ্রিল থেকে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের শেয়ারে কারসাজি করেছে একটি চক্র। এই চক্রে বিনিয়োগকারীর পাশাপাশি সিটি জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড অংশ নেয়। তাই এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একইভাবে ওরিয়ন ফার্মা এবং ওরিয়ন ইনফিউশন কোম্পানির শেয়ার কারসাজির দায়ে বিকন ফার্মাসিউটিক্যালস, বিকন মেডিকেয়ার, নাবিল নাবা ফুডস, নাবিল ফিড মিলস লিমিটেড এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জরিমানা করা হয়েছে।

বিএসইসির তথ্যমতে, দুই দফায় বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের শেয়ারে কারসাজি হয়। এর মধ্যে প্রথম দফায় কারসাজির দায়ে সিটি জেনারেল ইনস্যুরেন্স কোম্পানিকে ৮৫ লাখ টাকা এবং আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডকে ৭ কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ দফায় সমীর সেকান্দারকে ১০ লাখ, মেহের সেকান্দারকে ১০ লাখ, আবু সাদাত মো. সায়েমকে ৪ কোটি ৯০ লাখ ও আব্দুল মবিন মোল্লাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সূত্র জানিয়েছে, দ্বিতীয় দফায় শেয়ার কারসাজির কারণে সমীর সেকান্দারকে ২৩ কোটি ২৫ লাখ, মেহের সেকান্দারকে ৪২ লাখ, আবু সাদাত মো. সায়েমকে ১৭ কোটি ও অনিকা ফারহীনকে ৭ কোটি ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম উপরোক্ত সিদ্ধান্ত গ্রহণের কথা স্বীকার করেছেন।

পূর্ববর্তী নিবন্ধজেলা পর্যায়ে বিজয় মেলা ছয় দিন ও উপজেলা পর্যায়ে এক দিন : ডিসি
পরবর্তী নিবন্ধনেচার সাময়িকীর শীর্ষ দশে অধ্যাপক ইউনূস