চবির বি ও ডি ইউনিটের শর্টলিস্ট ও সাক্ষাৎকার স্থগিত

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৯ অক্টোবর, ২০২৪ at ৬:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩–২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের বি–ইউনিট, বি১ উপ–ইউনিট এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষার পঞ্চম পর্যায়ে সাধারণ আসনে ভর্তিতে প্রকাশিত শর্টলিস্ট ও সাক্ষাতকার স্থগিত করা হয়েছে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দুই ইউনিটের জন্য আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৩–২৪–এর বি–ইউনিট, বি১ উপ–ইউনিট এবং ডি ইউনিটের আসনে মেধা তালিকা হতে গত বৃহস্পতিবার প্রকাশিত শর্টলিস্ট এবং ২১ অক্টোবর অনুষ্ঠিতব্য সাক্ষাতকারটি অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। বৃহস্পতিবার রাত ১০টায় অনলাইনে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ১৬তম জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সংশোধিত শর্টলিস্ট এবং সাক্ষাতকারের নতুন তারিখ শিগগিরই প্রকাশ করা হবে। সবার অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধনগরে সক্রিয় চুরি ও ছিনতাইকারী চক্র
পরবর্তী নিবন্ধধুঁকে ধুঁকে চলছে রেলের পাহাড়তলী ওয়ার্কশপ