চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৩ অক্টোবর, ২০২৩ at ৬:২৬ পূর্বাহ্ণ

ওয়ানডে বিশ্বকাপের মাঝপথেই বাংলাদেশে আসছে পাকিস্তান নারী ক্রিকেট দল। আগামী ২৫ অক্টোবর টিটোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিবি সূচি ঘোষণা করেছে। এই সফরে তিনটি করে ওয়ানডে ও টিটোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। তিনটি ওয়ানডে ম্যাচই আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। পাকিস্তান বাংলাদেশে পা রাখবে ২০ অক্টোবর। ২৩ তারিখে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুড়ি ওভারের একটি প্রস্তুতি ম্যাচও খেলবে সফরকারীরা। বিশ ওভারের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। ২৫, ২৭ ও ২৯ অক্টোবর যথাক্রমে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই দিবা রাত্রির। ম্যাচগুলো শুরু হবে সাড়ে চারটায়।

টিটোয়েন্টি সিরিজ শেষ করে দুই দল ঢাকায় ফিরে আসবে। আগামী ৪ অক্টোবর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি। বাকি দুটি ম্যাচ ৭ ও ১০ নভেম্বর মাঠে গড়াবে। সবগুলো ম্যাচই মাঠে গড়াবে সকাল সাড়ে নয়টায়। বিসিবি সূচি ঘোষণা করলেও এখনো দল ঘোষণা করেনি। তবে ১/২ দিনের মধ্যেই নির্বাচকদের দল ঘোষণা করার কথা। বাংলাদেশ দল এই মুহূর্তে চট্টগ্রামে অনুশীলন ক্যাম্প করছে।

পূর্ববর্তী নিবন্ধসিজেকেএস কারাতে ড্যান পরীক্ষা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধরোনালদিনহো বাংলাদেশে আসছেন ১৮ অক্টোবর