৫৫ লাখ টাকার কাপড়ের রোল উদ্ধার

কার্ভডভ্যানসহ গ্রেফতার ২

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৫ আগস্ট, ২০২৩ at ৮:০২ পূর্বাহ্ণ

নগরীর বন্দর থানাধীন আউটার রিং রোড থেকে ৫৫ লাখ টাকার ৫৫০টি চোরাই কাপড়ের রোলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গত ১৩ আগস্ট রবিবার ৫টায় তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় ইপিজেডের বিভিন্ন কারখানা থেকে অবৈধ পন্থায় বের করা কাপড় পরিবহনে নিয়োজিত দুটি কার্ভডভ্যানও (চট্টমেট্রো–ট–১১–৮৭৩৩ এবং ঢাকামেট্রো–ট–১৬–৩৯৬১) জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো–ভোলার চরফ্যাশনের দুলারহাটের নাজির মাঝিরহাটের ছেলে মৃত আব্দুল মান্নানের ছেলে মো. কাশেম (৪০) ও লক্ষ্মীপুর জেলার বালাইশপুরের আকতার হোসেনের ছেলে মো. রিয়াদ হোসেন (২৫)। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় মালামালগুলো তারা অজ্ঞাতনামা কয়েকজনের কাছ থেকে সংগ্রহ করে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে বন্দর থানার এসআই ফয়সাল সরোয়ার বাদী হয়ে একটি মামলা রুজু করেছেন।

জানা গেছে, প্রথম গাড়িতে থাকা অভিযুক্ত মো. কাশেম এবং দ্বিতীয় গাড়িতে থাকা অভিযুক্ত মো. রিয়াদ হোসেনকে গাড়ি থামাতে বলতে তারা গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ গাড়ি আটকানোর পর তাদের কাছে এসব কাপড়ের বৈধ কাগজপত্র চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হয়।

পূর্ববর্তী নিবন্ধবাঙালির বেদনার দিন
পরবর্তী নিবন্ধ৫ম শ্রেণির ছাত্রীকে অপহরণ, শিক্ষক গ্রেপ্তার