এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের বাকি এখনও একমাস রয়েছে। আর এই এশিয়া কাপে দলের অধিনায়ক তামিম ইকবাল খেলতে পারবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। যদিও গত মঙ্গলবার লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তামিম। চিকিৎসকরা বলেছেন এক সপ্তাহ বিশ্রামের পর ধীরে ধীরে অনুশীলনে নামতে পারবেন তামিম। পাশাপাশি প্রশ্ন দেখা দিয়েছে পরবর্তী ৪ সপ্তাহে তামিমের এশিয়া কাপ খেলার মত শারীরিক সক্ষমতা আসবে কিনা। নাকি তার পরিবর্তে অন্য কাউকে নেতৃত্ব দিয়ে এশিয়া কাপে অংশ নিবে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে আগামী দুই দিনের মধ্যে তামিম ইস্যুর জট খুলবে। ইতিবাচক আর নেতিবাচক যাই হোক না কেন, তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কেও জানা যাবে।
জানা গেছে আগামী ২–১ দিনের মধ্যেই তামিমের সাথে বৈঠকে বসবেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। ওই বৈঠকে বিসিবি প্রধান ছাড়া ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস, প্রধান নির্বাচক ও অন্য শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুচ জানিয়েছেন আগামী দু–একদিনের মধ্যেই তামিমের সঙ্গে বসবেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। তখন তামিমের সর্বশেষ আপডেট জানতে চাওয়া হবে। তাছাড়া এশিয়া কাপ এবং বিশ্বকাপ নিয়ে তামিমের কি পরিকল্পনা সে সব পরিষ্কার করা হবে সে বৈঠকে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন তামিম খেললে তিনিই বাংলাদেশ দলের অধিনায়ক। তিনি না খেললে বা খেলতে না পারলে সেটা ভিন্ন কথা। তবে লন্ডনে চিকিৎসা শেষে তামিম দেশে ফেরার পর এখনো কোন রকম কিছু জানা যায়নি। যদিও মাত্র দুদিন হলো তিনি এসেছেন। এখনো অন্তত এক সপ্তাহ অপেক্ষা করতে হবে তার শরীরের কি অবস্থা সেটা জানতে। পিঠের যে স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে তামিমের সেটা সারাতে আপাতত ইনজেকশন দেওয়া হয়েছে। এই ইনজেকশন দিয়ে ছয় মাস পর্যন্ত খেলা চালিয়ে নেওয়া যায়। তারপরও যদি ব্যথা ফিরে আসে তখন কিন্তু অপারেশনই করাতে হবে তামিমকে। তবে আপাতত এই ইনজেকশন দিয়েই এশিয়া কাপ এবং বিশ্বকাপ খেলতে চান তামিম।












