রাঙ্গুনিয়ায় হঠাৎ বেড়ে গেছে গবাদি পশু চুরির ঘটনা। গত কয়েকদিনে অন্তত দশটি গরু চুরির ঘটনা ঘটেছে রাঙ্গুনিয়ায়। প্রতিরাতেই কোনো না কোনো এলাকায় হানা দিচ্ছে সংঘবদ্ধ গরু চোরের দল। ফলে গরু চুরি নিয়ে খামারি ও কৃষকরা আতঙ্কে ভুগছেন। সুত্রে জানা যায়, গত রোববার দিনগত রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের সিপাহী পাড়া গ্রাম থেকে এক রাতে ৫টি গরু নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা মো. শোয়েব জানান, রোববার রাত আনুমানিক ৩টার দিকে সংঘবদ্ধ চোরের দল হানা দেয় সিপাহীপাড়া গ্রামে।
এসময় স্থানীয় কৃষক নুরুচ্ছাফার মালিকানাধীন ২টি এবং নূর কবিরের মালিকানাধীন ৩টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা। উপজেলার চন্দ্রঘোনা–কদমতলী ইউনিয়নের পাঠানপাড়া এলাকার বাসিন্দা মো. সালাহ উদ্দিন নামে এক খামারী বলেন, কয়েকদিন আগে তার গোয়ালঘর থেকে রাতের আঁধারে একসাথে ৩টি গরু চুরি হয়ে যায়। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেও কোন সুরাহা পাননি তিনি। একইভাবে উপজেলার প্রায়শই গরু চুরির ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ স্থানীয়দের। এই বিষয়ে রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী জানান, প্রতিবছর এই সময়টাতে চুরির উপদ্রব বেড়ে যায়। তবে পুলিশ চুরির ঘটনা রোধে তৎপর রয়েছে। চুরির ঘটনায় জড়িতদের ধরতে কাজ চলছে। এলাকাবাসীকেও এব্যাপারে সজাগ থাকার আহবান জানান তিনি।














