দেশে নতুন ফুটবল প্রতিভা খুঁজে বের করতে হলে তা একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করতে হবে। এ লক্ষ্যে আগামী ৯ আগস্ট থেকে শুরু হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬। সারা দেশে একযোগে শুরু হবে এ প্রতিযোগিতা। ওই দিন চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। দেশের নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র–ছাত্রীরা এ টুর্নামেন্টে অংশ নেবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামানের এক চিঠিতে এই তথ্য জানানো হয়। এতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের টুর্নামেন্টকেন্দ্রিক বেশ কিছু জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রতিটি প্রতিষ্ঠানে দ্রুত শিক্ষার্থীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে একটি ছাত্র ও একটি ছাত্রী ফুটবল দল গঠন করতে হবে। পরবর্তীতে গঠিত দলগুলোকে অভিজ্ঞ শিক্ষক বা প্রশিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলনের মধ্যে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে খেলার প্রতি আগ্রহ বাড়ানো এবং ভালো খেলোয়াড় খুঁজে বের করতে প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব উদ্যোগে ‘আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা’ আয়োজনের তাগিদ দেওয়া হয়েছে। একইসাথে টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, ক্রীড়ানুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগীদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
এদিকে চট্টগ্রামে প্রধানমন্ত্রী কর্তৃক প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গতকাল ২২ জুলাই বুধবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের কনফারেন্স রুমে বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে করণীয় নিয়ে উপস্থিত কর্মকর্তাদের বিস্তারিত অবগত করেন জেলা প্রশাসক, চট্টগ্রাম মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সভায় জানানো হয় প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত ইচ্ছায় বন্দরনগরী চট্টগ্রামে আসন্ন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। রাজধানী ঢাকার বাইরে অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে প্রধানমন্ত্রী নিজেই ইচ্ছে প্রকাশ করেন। তাঁর ইচ্ছে অনুযায়ী চট্টগ্রামে টুর্নামেন্টের উদ্বোধন করা হচ্ছে। বালক–বালিকাদের জন্য আয়োজিত এই প্রতিযোগিতা তাই যাতে জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা যায় তারই চেষ্টা করতে হবে বলে সভায় আলোকপাত করা হয়। এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের উন্নয়ন সহ বিভিন্ন করণীয় সম্পর্কে সভায় আলোচনা করা হয়। মাঠের সংষ্কারসহ জরুরী কাজগুলো টুর্নামেন্ট উদ্বোধন করার আগেই সম্পন্নের ব্যাপারে আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, উপপরিচালক, চট্টগ্রাম স্থানীয় সরকার গোলাম মাঈনুউদ্দিন হাসান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরীফ উদ্দিন, মোহাং কামরুজ্জামান, পাঠান মো. সাইদুজ্জামান, সাখওয়াত জামিল, সহকারী কমিশনার চট্টগ্রাম সাদমান সহিদ ও রুমানা পারভীন তানিয়া, সচিব চট্টগ্রাম শিক্ষা বোর্ড প্রফেসর মো. জহিরুল হক স্বপন, মাউশি পরিচালক, চট্টগ্রাম প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী, জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহামদ আয়াজ মাবুদ, সিজেকেএস সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিনসহ সংশ্লিষ্ট সকল বিভাগের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ।












