৬ দেশে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ

হটলাইন চালু

| রবিবার , ১ মার্চ, ২০২৬ at ৬:১৩ পূর্বাহ্ণ

ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা, পাল্টা হামলার প্রেক্ষাপটে প্রবাসীদের বিশেষ সতর্কতা অবলম্বন এবং সামরিক স্থাপনা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে ছয় দেশের বাংলাদেশ দূতাবাস।

গতকাল শনিবার প্রকাশ করা পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শও দেওয়া হয়েছে। যুদ্ধ শুরুর পর এরমধ্যেই কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় একজন বাংলাদেশি কর্মী আহত হওয়ার খবর এসেছে।

যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার শিকার হওয়ার পর ইরান একে একে মার্কিন ঘাঁটি রয়েছে এমন মধ্যপ্রাচ্যের দেশে হামলা শুরু করেছে। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর শনিবার সকালে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর পাল্টা হামলা চালাতে শুরু করে ইরান। খবর বিডিনিউজের।

এমন প্রেক্ষাপটে দেশগুলোতে থাকা বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার এবং নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানানো হচ্ছে।

আরব আমিরাত, লেবানন, কাতার, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা বাংলাদেশ দূতাবাস থেকে সেখানে থাকা প্রবাসীদের সর্তক করে এসব বিজ্ঞপ্তি দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত
পরবর্তী নিবন্ধইবাদতকে গ্রহণযোগ্য করতে দরুদ শরিফ পাঠ করতে হবে