৫ লিটার অকটেনে ৩৬০ মিলি কম

চকরিয়ায় চার ফিলিং স্টেশনকে ৭৫ হাজার টাকা জরিমানা

চকরিয়া প্রতিনিধি | বুধবার , ১৭ আগস্ট, ২০২২ at ৫:৩২ পূর্বাহ্ণ

চকরিয়ায় প্রতি পাঁচ লিটার অকটেনে ৩৬০ মিলিলিটার কম দেওয়ায় এক ফিলিং স্টেশনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বিকেলে পৌরসভার শহীদ আবদুল হামিদ বাস টার্মিনাল সংলগ্ন পৌর ফিলিং স্টেশনকে এ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। তবে সেখানে অন্যান্য জ্বালানি ডিজেল ও পেট্রোলের পরিমাপ সঠিক ছিল বলে সূত্র জানায়।
পর্যায়ক্রমে অভিযানের সময় বিএসটিআই কর্তৃক প্রদত্ত ওজনের ক্যালিব্রেশন চার্ট হালনাগাদ না থাকায় পৌরশহর চিরিঙ্গার ছিদ্দিক ফিলিং স্টেশন ও হাজি আবদুল মোনাফ ফিলিং স্টেশন এবং ফাঁসিয়াখালী ইউনিয়নের এনআরসি ফিলিং স্টেশনকে নগদ ৫ হাজার করে আরো ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় এসব ফিলিং স্টেশনের মালিক দোষ স্বীকার করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে চারটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত উজ-জামান। এ সময় প্রত্যেক প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ-জামান দৈনিক আজাদীকে বলেন, বিশ্ব পরিস্থিতির কারণে সম্প্রতি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় এমনিতে মানুষ কষ্টে আছে। তার ওপর ফিলিং স্টেশনগুলোর অনিয়ম নিয়ে অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওজনে কম দেওয়াসহ অন্যান্য বিষয় যাচাই করে এই জরিমানা করা হয়েছে। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসেন্টমার্টিন উপকূলে ১ লাখ ৭০ হাজার ইয়াবা জব্দ, আটক ৬ মিয়ানমার নাগরিক
পরবর্তী নিবন্ধসিরিজ বোমা হামলার ১৭ বছর আজ