২২টি টং জাল, কারেন্ট জালসহ বিপুল অবৈধ সরঞ্জাম জব্দ

বন্দর চ্যানেল ও বহির্নোঙরে বিশেষ অভিযান

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৭ আগস্ট, ২০২৬ at ৬:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর চ্যানেল ও বহির্নোঙরে বিশেষ অভিযান চালিয়ে ২২টি টং জাল এবং প্রায় ১৫ হাজার মিটার কারেন্ট জালসহ বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার জাল ও সরঞ্জাম জব্দ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গতকাল রোববার বন্দর কর্তৃপক্ষ পরিচালিত এ অভিযানে বন্দর কর্তৃপক্ষের বিএলভি লুসাই, কাণ্ডারী৮ ও চারটি দেশীয় বোট অংশ নেয়। কোস্ট গার্ডের একটি জাহাজ ও একটি বোট অভিযানে সহযোগিতা করে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, বৈরী আবহাওয়ার মধ্যেও কর্ণফুলী চ্যানেলের মূল শিপিং চ্যানেল ও বহির্নোঙর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নৌযান ও সমুদ্রগামী জাহাজ চলাচলের পথে স্থাপন করা অবৈধ জাল অপসারণ করা হয়। এসব জাল জাহাজের নিরাপদ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নেভিগেশনাল ঝুঁকি তৈরি করছিল বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

অভিযানকালে নেভিগেশনাল রুটে অবস্থানরত ফিশিং বোটগুলোকে চ্যানেল এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে শিপিং চ্যানেল ও নৌ চলাচল রুটে পুনরায় জাল স্থাপন না করার জন্য সংশ্লিষ্ট মাঝিমাল্লাদের সতর্ক করা হয়। বন্দর কর্তৃপক্ষ বলেছে, শিপিং চ্যানেল ও বহির্নোঙরে অবৈধ জাল ও অন্যান্য প্রতিবন্ধকতা অপসারণের ফলে জাহাজ চলাচলের জন্য প্রয়োজনীয় নেভিগেশনাল স্পেস উন্মুক্ত হয়েছে এবং নৌনিরাপত্তা ঝুঁকি কমেছে। চট্টগ্রাম বন্দরের নেভিগেশনাল সেফটি বজায় রাখা, জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা দূর করা এবং কর্ণফুলী চ্যানেল ও বহির্নোঙরে অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে নির্ধারিত নৌ চলাচল রুট মেনে চলা এবং নেভিগেশনাল চ্যানেলে জাল বা অন্য কোনো প্রতিবন্ধকতা স্থাপন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটেস্টে মহাকাব্যিক জয়
পরবর্তী নিবন্ধএস আলমের বিদ্যুৎ কোম্পানিকে এলসি খোলার অনুমতি