চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ লাইফলাইন চট্টগ্রাম–কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশের বহুল প্রতীক্ষিত প্রশস্তকরণ কাজ শুরু হয়েছে। গত ৭ জুন ভবানিমীল এলাকা থেকে মাটি খননের মাধ্যমে এই উন্নয়নযজ্ঞের সূচনা করা হয়। সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) তত্ত্বাবধানে জিয়ানগর থেকে গোডাউন পর্যন্ত সাড়ে চার কিলোমিটার এলাকায় বর্তমান ২০ ফুট প্রশস্তের সড়কটি দুই পাশে ৫ ফুট করে বাড়িয়ে ৩০ ফুটে রূপান্তরিত হচ্ছে। এদিকে কাজ শুরুর প্রথম দিনেই ভবানিমীল এলাকায় একটি স্বার্থান্বেষী মহল চাঁদার দাবিতে বাধা দেওয়ার চেষ্টা করে। সাইট ম্যানেজার কামাল উদ্দিন জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে রাঙ্গুনিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ওসি জানানো হলে দ্রুত ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায় এবং বিঘ্ন সৃষ্টিকারীরা পালিয়ে যায়। বর্তমানে প্রকল্প এলাকায় পুলিশি টহল জোরদার করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
প্রকল্পের সাইট ম্যানেজার কামাল উদ্দিন কাজের বিবরণ দিয়ে জানান, সড়কের দুই পাশে ৫ ফুট করে মোট ১০ ফুট প্রশস্ত করা হচ্ছে। প্রথমে সড়কের পাশে গভীর খনন করে সেখানে ২৪ ইঞ্চি বালু, ১০ ইঞ্চি বালুমিশ্রিত কংক্রিট এবং ১০ ইঞ্চি বালুমিশ্রিত পাথর দিয়ে ভরাট করা হবে। পরে এর ওপর চূড়ান্ত কার্পেটিং বা পিচ ঢালাই করা হবে। কোনো বড় বাধা ছাড়া নির্বিঘ্নে কাজ করা গেলে আগামী দুই মাসের মধ্যেই এই কাজ সম্পন্ন হবে।
আবহাওয়া অনুকূলে থাকলে দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যাবে বলে জানান সওজের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস। তিনি জানান, চলমান কাজের বাইরেও গোডাউন থেকে মরিয়মনগর চৌমুহনী পর্যন্ত সড়ক প্রশস্ত করার নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের প্রস্তাবনা ইতোমধ্যেই ঊর্ধ্বতন মহলে পাঠানো হয়েছে। আগামী মাসের মধ্যে অনুমোদন মিললে আগস্ট–সেপ্টেম্বরের মধ্যে এই বর্ধিত অংশের কাজও সম্পন্ন করা সম্ভব হবে।
উল্লেখ্য, গত ৫ মে এই প্রকল্পের উদ্বোধন করেছিলেন চট্টগ্রাম–৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। তিনি জানান, এই প্রশস্তকরণ প্রকল্পের মাধ্যমে হাজারো মানুষের ভোগান্তি কমবে। তবে এখানেই শেষ নয়, স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে সড়কটি চার লেনে উন্নীত করার একটি বড় মহাপরিকল্পনা সরকারের রয়েছে, যার দাপ্তরিক কাজ বর্তমানে চলমান আছে।











