নেদারল্যান্ডসের ‘ওয়ান অব দ্য বেস্ট’ রেফারি রব ডিপেরিঙ্কের আকস্মিক মৃত্যুর খবর নিশ্চিত করেছে রয়্যাল নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশন। সোমবার নেদারল্যান্ডসে তার নিজ বাসভবন থেকে ৩৮ বছর বয়সী এই রেফারির মৃতদেহ উদ্ধার করা হয়। তবে তার মৃত্যুর সঠিক কারণ বা পরিস্থিতি সম্পর্কে ফুটবল অ্যাসোসিয়েশন কিংবা স্থানীয় প্রশাসন এখনও বিস্তারিত কিছু জানায়নি। চলতি ২০২৬ বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে ম্যাচ পরিচালনার জন্য ফিফার তালিকায় অন্যতম শক্তিশালী দাবিদার ভাবা হচ্ছিল রব ডিপেরিঙ্ককে। তবে গত এপ্রিল মাসে লন্ডনে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর ফিফার নির্বাচন প্রক্রিয়া থেকে তার নাম বাদ দেওয়া হয়। সে সময় ক্রিস্টাল প্যালেস এবং ফিওরেন্টিনার মধ্যকার একটি কনফারেন্স লিগের ম্যাচ শেষে রব ডিপেরিঙ্কের বিরুদ্ধে এক ১৭ বছর বয়সী নাবালিকার সঙ্গে আপত্তিকর যোগাযোগ, আপত্তিকর ছবি রাখা এবং যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এই সন্দেহের ভিত্তিতে ব্রিটিশ পুলিশ তার বিরুদ্ধে তদন্ত শুরু করে। পরবর্তীতে পর্যাপ্ত প্রমাণের অভাবে লন্ডনের পুলিশ মামলাটি খারিজ করে দিলেও, এই তদন্ত তার ক্যারিয়ারে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে। এর জের ধরেই তাকে ২০২৬ বিশ্বকাপের রেফারি প্যানেলের বিবেচনা থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়। ডিপেরিঙ্কের এই অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে রয়্যাল নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে তারা প্রয়াত রেফারির পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। তবে তার শেষকৃত্য বা কোনো শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের বিষয়ে সংস্থাটি এখনও কোনো তথ্য দেয়নি।










