দীর্ঘ ১৯ বছর বহুল প্রতীক্ষিত চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সম্মেলন আজ। আজ রোববার সকাল ১০টায় হাটহাজারী মডেল সরকারি পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশিত সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
সম্মেলনকে ঘিরে উত্তরের সাত উপজেলা হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, সন্দ্বীপ, মীরসরাই, সীতাকুণ্ড ও রাঙ্গুনিয়া উপজেলার নেতাকর্মী ও সমর্থকদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সম্মেলনের মাধ্যমে আসবে নতুন নেতৃত্ব-এই প্রত্যাশায় অপেক্ষার প্রহর গোনা। করোনা মহামারিসহ নানা কারণে দীর্ঘদিন যুবলীগের সম্মেলন না হওয়ায় পদপ্রত্যাশীদের পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীরাও হতাশ হয়ে পড়েছিলেন। আজকের সম্মেলনকে ঘিরে কেটে গেছে সেই হতাশা।
দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ যুবলীগের আনুষ্ঠানিক সম্মেলন হয়েছিল ২০০৩ সালে। পরে ২০১৩ সালে কেন্দ্র থেকে এস এম আল মামুনকে সভাপতি ও এস এম রাশেদুল আলম সাধারণত সম্পাদক করে কমিটির অন্যদের পদ-পদবী বহাল রেখে সর্বশেষ কমিটি করা হয়েছিল। তারপর থেকে এই কমিটির মাধ্যমেই সাংগঠনিক কার্যক্রম চলে আসছিল। সম্মেলনে বর্তমান কমিটির সাধারণত সম্পাদক ও হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলমসহ সভাপতি পদে ৯ জন এবং সাধারণ সম্পাদক পদে ২৪ জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশন হলেও কমিটি হবে না। কমিটি ঘোষণা করা হবে কেন্দ্র থেকে।
যুবলীগের সম্মেলন সফল করতে ইতোমধ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। সাত উপজেলার ডেলিগেট, কাউন্সিলর, নেতাকর্মীদের উপস্থিতিতে সম্মেলন হবে। তাই শৃঙ্খলা বজায় রাখতে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। একটি সূত্র জানায়, এই সম্মেলন প্রধানমন্ত্রী নিজেই তদারক করছেন।
সম্মেলন উপলক্ষে চট্টগ্রাম-নাজিরহাট সড়কে বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে। হাটহাজারী-রাউজান সড়কেও তোরণ নির্মিত হয়েছে। ছোট-বড় ব্যানার, পোস্টার ও ডিসপ্লেতে ভরে গেছে হাটহাজারী পৌরসভা ও সড়কসমূহ।
সম্মেলনে সম্মানিত অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রমুখ। প্রধান বক্তা কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খাঁন নিখিল।
বিশেষ অতিথি থাকবেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান আতা, এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, মাহফুজুর রহমান এমপি, দিদারুল আলম এমপি, খাদিজাতুল আনোয়ার সনি এমপি প্রমুখ।
এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, উত্তর জেলার ত্রিবার্ষিক সম্মেলন সফল করতে যুবলীগের ২শ স্বেচ্ছাসেবক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কাজ করবে। পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটি সড়কে জনচলাচলের সুবিধার্থে সড়কের দক্ষিণে ফতেপুর উচ্চ বিদ্যালয় মাঠ, উত্তরে উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ও পূর্বে মেহেদী পার্ক মাঠে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পৌরসভার সম্মেলন-সংলগ্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। গণমাধ্যমকর্মীদের সংবাদ সংগ্রহের সুবিধার্থে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবলীগের সভাপতি সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন ও সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম।












