১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে সভা ও দোয়া মাহফিল

পেকুয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ at ৭:১০ পূর্বাহ্ণ

১৯৯১ সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে চট্টগ্রাম কক্সবাজার উপকূল অঞ্চলে নিহতের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা কেন্দ্রীয় জামে মসজিদে পেকুয়া উপজেলা লবণ মৎস্য ও কৃষি কল্যাণ সমিতির আয়োজনে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এ সময় স্মৃতিচারণ করেন লবণ মৎস্য ও কৃষি কল্যাণ সমিতির যুগ্ন আহবায়ক এম আজম উদ্দিন, সদস্য সচিব দেলওয়ার হোসাইন, জিল্লুল করিম।

নিহতদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহাদাত হোসাইন। এসময় স্থানীয় মুসল্লী ও নানান শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৯১ সালের ২৯ এপ্রিল প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘ম্যারি এন’ লণ্ডভণ্ড করে দেয় দেশের দক্ষিণপূর্বাঞ্চলীয় এলাকায় পুরো উপকূল। স্মরণকালের ভয়াবহ এ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে সরকারি হিসাবে মৃতের সংখ্যা ছিল ১ লাখ ৩৮ হাজার ৮৬৬ জন। মারা যায় ২০ লাখ গবাদি পশু। প্রায় এক কোটি মানুষ তাদের সর্বস্ব হারায়। ক্ষতি হয়েছিল ১০ হাজার কোটি টাকারও বেশি সম্পদ।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধপিসিআইইউ সাংবাদিকতা বিভাগের ফটোজার্নালিজম ফিল্ড ওয়ার্ক