হাসপাতালে ছিলেন স্ত্রী, দেখতে যাওয়ার পথে প্রাণ গেল স্বামীর

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ২৬ জুলাই, ২০২৬ at ৪:৪৮ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ স্ত্রীকে দেখতে যাওয়ার পথে মহাসড়ক পার হতে গিয়ে দুই মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি মারা গেছেন। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের উপজেলার নতুন সাউন্ড হেলথ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলমগীর (৫০) উপজেলার আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ তজু মুন্সীর গ্যারেজ এলাকার বাসিন্দা। তিনি নতুন সাউন্ড হেলথ হাসপাতালের সামনেই একটি হোটেল পরিচালনা করতেন। তার স্ত্রী ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্ত্রীকে দেখতে যাওয়ার জন্য আলমগীর মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় কঙবাজারমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। এরপর পেছন থেকে আসা আরেকটি মোটরসাইকেল তার ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নতুন সাউন্ড হেলথ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের চিকিৎসক ডা. প্রলয় চৌধুরী জানান, আলমগীরের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ছিল। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

নিহতের ভাগ্নে মোহাম্মদ রিদুয়ান জানান, চমেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। শনিবার (গতকাল) দুপুরে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ওই ব্যক্তি চমেক হাসপাতালে মারা গেছেন। হাসপাতাল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধইঞ্জিন বিকল নৌকা নিয়ে সাগরে ৩৬ দিন, জীবন বাঁচাতে খেয়েছেন কাঁচা মাছ
পরবর্তী নিবন্ধআমরা জনগণের পুলিশ হতে চাই, নিপীড়ক না