হামের প্রকোপ মোকাবিলায় দেশব্যাপী বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। গতকাল শনিবার রাজধানীর কড়াইলের টিএনটি খেলার মাঠে টিকাদান কর্মসূচির সূচনা করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, এ কর্মসূচির আওতায় বাদ পড়া ২৪ লাখসহ মোট ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। তিনি বলেন, আমরা নতুনভাবে আজকে ৩৪ লাখ বাচ্চাকে টার্গেট করেছি। এর মধ্যে ১০ লাখ নতুন করে ছয় মাস বয়সে পৌঁছানো শিশু, বাকি ২৪ লাখ আমাদের আগে বাদ পড়া শিশু। ৩৪ লাখ বাচ্চাকে আমরা এই ক্যাচ–আপ প্রোগ্রামে আওতাভুক্ত করেছি দেশব্যাপী। এদিকে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বিভাগীয় পর্যায়ে হাম–রুবেলা (এম.আর) ক্যাচ–আপ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি। হামের প্রাদুর্ভাব রোধে দ্বিতীয় দফায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী বাদ পড়া সকল শিশুকে এ ক্যাম্পেইনের আওতায় আনতে ২৬ সেপ্টেম্বর থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত (শুক্রবার ও সরকারী ছুটি ব্যতীত) সরকার টিকাদান ক্যাম্পেইনের উদ্যোগ নিয়েছেন।
এমআর ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সহযোগী অধ্যাপক ডা. মো. একরাম হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আশিক আমান, হাসপাতালের অন্যান্য চিকিৎসক–নার্সবৃন্দ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিভিশনাল কো–অর্ডিনেটর ডা. ইমং প্রু চৌধুরী, এসআইএমও ডা. খাদিজা আহমেদ ও ইউনিসেফ ন্যাশনাল কনসালট্যান্ট ডা. সরওয়ার আলম।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, বর্তমানে সারাদেশে হামের প্রাদুর্ভাব দেখা দেয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও স্বাস্থ্যমন্ত্রীর সার্বিক তত্ত্বাবধানে শিশুদেরকে সুরক্ষিত রাখার লক্ষ্যে বর্তমান সরকার সারাদেশে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী বাদ পড়া শিশুদের জন্য দ্বিতীয় দফায় বিশেষ পর্যায়ে হাম–রুবেলা ক্যাচ–আপ টিকাদান ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। এরই অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগে বাদ পড়া এ বয়সী ১ লাখ ৯১ হাজার শিশুকে হাম–রুবেলার টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তদ্মধ্যে চট্টগ্রাম জেলায় ৪৪ হাজারের অধিক ও মহানগরে ৩২ হাজারের অধিক শিশুকে হামের টিকা দেয়া হবে। অধিদপ্তর থেকে এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। আমরা চেষ্টা করবো যাতে এ বয়সের ১০ লাখ শিশু এ ক্যাম্পেইনের আওতায় আসে। তৃণমূল পর্যায় থেকে শুরু করে রের স্টেশন, বাস স্টেশন, নৌ–ঘাটসহ যেকোনো স্থানে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী কোনো শিশু এ টিকা না পেয়ে থাকলে তাকে এ বিশেষ ক্যাম্পেইনের আওতায় আনা হবে। প্রেস বিজ্ঞপ্তি।












