বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আজ রোববার বান্দরবানের চারটি পর্যটনকেন্দ্রে বিনা মূল্যে প্রবেশের সুযোগ পাচ্ছেন পর্যটকেরা। নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিক লেক পর্যটনকেন্দ্রে দিনভর কোনো প্রবেশ ফি দিতে হবে না। গতকাল শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসন পরিচালিত নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিক লেক পর্যটনকেন্দ্রে আজ কোনো প্রবেশ ফি নেওয়া হবে না। ফলে পরিবার–পরিজন ও বন্ধুদের নিয়ে এসব পর্যটনকেন্দ্রে বিনা মূল্যে ঘুরতে পারবেন দর্শনার্থীরা। এতে জনপ্রতি ২০০ টাকা সাশ্রয় হবে।
জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, আন্তর্জাতিক পর্যটন দিবসকে সামনে রেখে পর্যটকদের জন্য এ বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। আজ দিনভর দেশ–বিদেশের পর্যটকেরা বান্দরবানের এই চারটি পর্যটনকেন্দ্রে বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন।











