হাটহাজারীতে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে সালাউদ্দীন আইয়ূবী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সালাউদ্দিন উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের সাদেক নগর গ্রামের মো. জানে আলমের পুত্র। গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার উপ–পরিদর্শক মোহাম্মদ নাজমুল হাসান। তিনি জানান, সালাউদ্দীন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হাটহাজারী উত্তর থানা শাখার সাবেক সভাপতি। থানার ওসি মো. জাহিদুর রহমান জানান, ২০১৩ সালের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। গত বৃহস্পতিবার রাতে ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।












