হাটহাজারীতে নিখোঁজের দুদিন পর তুলা কারখানায় মিলল শিশু কন্যার লাশ

প্রতিবেশী সন্দেহভাজন যুবক পলাতক

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২৯ মার্চ, ২০২৬ at ৫:৪১ পূর্বাহ্ণ

হাটহাজারীতে নিখোঁজের দুইদিন পর আরেফিন আকতার (১১) নামে এক শিশু কন্যার লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের আমান বাজারের ইসহাক কলোনী এলাকার একটি তুলা কারখানা থেকে লাশটি উদ্ধার করা হয়। হতভাগ্য শিশুটি ঐ এলাকার ভাড়াটিয়া মোহাম্মদ রবিউল ইসলাম ও আমেনা বেগম দম্পতির কন্যা। এ দম্পতি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। ঘটনার পর থেকে ফয়সাল নামে প্রতিবেশী সন্দিগ্ধ যুবক গা ঢাকা দিয়েছেন।

জানা যায়, গত ২৬ মার্চ দুপুরে আমান বাজার ভাড়া বাসা থেকে আরেফিন আকতার নিখোঁজ হয়। এরপর সব জায়গায় খোঁজ করেও না পেয়ে পরিবারের পক্ষ থেকে হাটহাজারী মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। গতকাল দুপুর দেড়টার দিকে তুলা কারখানার আশেপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে ওই ফ্যাক্টরিতে গিয়ে আরেফিনের মুখ তেতলানো লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে মডেল থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত শিশুর পরিবারের দাবি, তাদের শিশুকন্যা আরেফিন আকতারকে একই কলোনীর ভাড়াটিয়া ফয়সাল ধর্ষণের পর হত্যা করে লাশ লুকিয়ে রেখেছিল। স্থানীয়রা জানায়, ফয়সাল বছরখানেক আগে বরিশাল থেকে এসে আমান বাজার বনফুলের পেছনে এই কলোনিতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করে আসছিল। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান লাশ উদ্ধারের ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধআরো তিনজনকে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধট্রাম্পের সামনে এখন কেবল কঠিন বিকল্প