হাটহাজারী পৌরসভা এলাকার একটি ভাড়া বাসা থেকে মুন্নি আক্তার (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত গভীর রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম ফটিকা এলাকার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মুন্নি উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. বাহাদুরের কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সঙ্গে ওই বাসায় থাকত মুন্নি। বুধবার রাতে সে নিজ শয়নকক্ষে প্রবেশ করার দীর্ঘ সময় পরও কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকির পরও ভেতর থেকে দরজা না খোলায় পুলিশে খবর দেওয়া হয়। পরে হাটহাজারী থানার এসআই জমির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে মুন্নির ঝুলন্ত মরদেহ দেখতে পান।
পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। হাটহাজারী থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।












