রাঙ্গুনিয়ার পারুয়া ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সড়ক সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। স্থানীয়দের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও দুটি পরিবার সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
গতকাল সোমবার সকাল ৯টার দিকে পারুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে। আগুনে উত্তর পারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অসীম দাশ ও সিএনজি টেঙিচালক শ্যামল দাশের মালিকানাধীন দুটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সিএনজিচালক শ্যামল দাশ জীবিকার তাগিদে গাড়ি নিয়ে বের হন। এ সময় তার স্ত্রী কিস্তির টাকা পরিশোধ করতে বাইরে যান। এর কিছুক্ষণ পর বসতঘরটিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে ২৫ বাই ৩৫ ফুট আয়তনের বেড়া ও টিনের তৈরি ঘরটিতে আগুন ছড়িয়ে পড়ে। পরে পাশের শিক্ষক অসীম দাশের একই আয়তনের ঘরেও আগুন লাগে। আগুনের তীব্রতায় ঘর দুটির কিছুই বের করা সম্ভব হয়নি।
স্থানীয় ইউপি সদস্য দিদারুল আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত রওনা দিলেও চৌধুরী পাড়ার ভেতরের সড়ক অত্যন্ত সরু হওয়ায় গাড়িটি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পরে স্থানীয়দের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে আশপাশের আরও কয়েকটি বসতঘর বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়।











