হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী গতকাল বুধবার সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। ফেনীর মহিপালে তাঁকে বহনকারী মাইক্রোবাসের পেছনে একটি লোকাল বাস ধাক্কা দিলে কাচ ভেঙে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। আমিরের ব্যক্তিগত সচিব রহমত উল্লাহ জানান, নোয়াখালী লক্ষ্মীপুরে একটি নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে গতকাল বুধবার সকালে ফটিকছড়ি থেকে রওনা হন হেফাজত আমির। ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মহিপালে পৌঁছানোর ঠিক আগমুহূর্তে, সকাল ১০টার দিকে, পেছন থেকে বাসটি তাঁদের গাড়িতে ধাক্কা দেয়। সফরসঙ্গীরা বাসটি মহিপাল পর্যন্ত নিয়ে গিয়ে আটক করে। আমির অক্ষত থাকায় তাঁরা অন্য একটি গাড়িতে করে নোয়াখালীর মাইজদীতে পৌঁছান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, বাসের ধাক্কায় হেফাজত আমিরের গাড়ির পেছনের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই তিনি আরেকটি গাড়িতে করে নোয়াখালী চলে যান। বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে। আমিরের পক্ষ থেকে গাড়িটি রেখে স্থানীয়ভাবে এবং চালকের সঙ্গে বসে বিষয়টি মীমাংসা করার কথা বলা হয়েছে।












