স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের ইন্তেকাল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

| রবিবার , ২৯ মার্চ, ২০২৬ at ৬:০৩ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী দিলারা হাফিজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজিউন)। গতকাল শনিবার সকাল ১১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। দিলারা হাফিজের ছেলে শাহরুখ হাফিজ বলেন, আম্মু আমাদের ছেড়ে চলে গেছেন।

পরিবারের সদস্যরা জানান, গেল ২১ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালসিএমএইচ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে নেওয়া হয় অধ্যাপক দিলারা হাফিজকে। সেখানে তাকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। শুক্রবার থেকে দিলারা হাফিজের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। শনিবার সকালে মেডিকেল বোর্ডের বৈঠকের পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করা হয় বলে জানান তার ছেলে। খবর বিডিনিউজের।

পরিবারের সদস্যরা জানান, রোববার (আজ) বাংলাদেশ বিমানে তার কফিন ঢাকায় নিয়ে আসা হবে। পরের দিন ৩০ মার্চ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেলা ১১টায় এবং বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানীর সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে। অধ্যাপক দিলারা হাফিজের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, দুই ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন।

দিলারা হাফিজ ১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বাবা মোহাম্মদ আবুল হোসেন চৌধুরী এবং মা করিমুন্নেছা খাতুন চৌধুরী। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতিত্বপূর্ণ ফলাফল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন দিলারা হাফিজ। ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। তার কর্মজীবন শুরু হয় সরকারি ইডেন মহিলা কলেজে প্রভাষক হিসেবে। কর্মজীবনে তিনি সোহরাওয়ার্দি কলেজ ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন। এছাড়া অধ্যাপক দিলারা হাফিজ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক : স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল পৃথক শোকবার্তায় দিলারা হাফিজের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি তারা সমবেদনা জানান।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে নির্মাণাধীন ভবনের লেবার শেডে শ্রমিকের ঝুলন্ত লাশ
পরবর্তী নিবন্ধআরএস বিএস অনুযায়ী হিজড়া খালের মূল প্রস্থ ফিরিয়ে আনা হচ্ছে