সৌদি আরবের সঙ্গে একটি বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, যার আওতায় ভবিষ্যতে নিজস্ব পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য জ্বালানি উৎপাদনের সুযোগ পেতে পারে সৌদি আরব। তবে এ চুক্তির ক্ষেত্রে দীর্ঘদিনের মার্কিন নিরাপত্তা শর্তগুলো শিথিল করায় পারমাণবিক অস্ত্র বিস্তারের নতুন আশঙ্কাও তৈরি হয়েছে। খবর বিডিনিউজের।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে নিউ ইয়র্ক টাইমস ও রয়টার্স জানিয়েছে, গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে এ চুক্তির ঘোষণা আসতে পারে।
এরপর এটি পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসে পাঠানো হবে। চুক্তিটি যুক্তরাষ্ট্রের অ্যাটমিক এনার্জি অ্যাক্টের ১২৩ ধারা অনুযায়ী একটি ‘১২৩ এগ্রিমেন্ট’। এ ধরনের চুক্তি যুক্তরাষ্ট্র ও অন্য দেশের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতার আইনি কাঠামো নির্ধারণ করে। বর্তমানে ৫১টি সরকার ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে এ ধরনের ২৬টি চুক্তি রয়েছে যুক্তরাষ্ট্রের।












