চলমান মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে সৌদি আরবের প্রতি সংহতির বার্তা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে অর্থনীতি ও জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সমপ্রসারণে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা। গতকাল রিয়াদে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সৌদি আরবের উপ–পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আবদুল করিম আল–খুরাইজির সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান। খবর বাসসের।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালনকারী হুমায়ুন কবির সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে প্রধানমন্ত্রীর পাঠানো সংহতির বার্তা হস্তান্তর করেন। উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্যের এই সংকটময় সময়ে বাংলাদেশ সরকার ও জনগণ সৌদি আরবের পাশে দৃঢ়ভাবে রয়েছে। তিনি অর্থনীতি ও জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সহযোগিতার সুযোগ অনুসন্ধানের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার ও বহুমুখী করার ব্যাপারেও বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন। হুমায়ুন কবির আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবের বাদশাহ ও দুই পবিত্র মসজিদের খাদেম এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সৌদি উপ–পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি দূতকে স্বাগত জানান এবং এই সংকটময় সময়ে সৌদি আরবের প্রতি বাংলাদেশের সমর্থনের জন্য তার সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।













