সৌদিতে নিহত আরও এক বাংলাদেশি, ঢাকার উদ্বেগ

| মঙ্গলবার , ১০ মার্চ, ২০২৬ at ৫:২৬ পূর্বাহ্ণ

 

সৌদি আরবের আলখারজ অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় আরও এক বাংলাদেশি নিহত হওয়ার খবর দিয়েছে বাংলাদেশ সরকার। ইরান যুদ্ধের মধ্যে সেখানে এ নিয়ে দুই বাংলাদেশি নিহত এবং আরও কয়েকজনের আহত হওয়ার ঘটনায় উদ্বেগও প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সরকারের এই প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি নিহতদের পরিচয় প্রকাশ করা হয়েছে। নিহত দুই বাংলাদেশি হলেন কিশোরগঞ্জের কটিয়াদির বাচ্চু মিয়া এবং টাঙ্গাইলের সখিপুরের মোশাররফ হোসেন। খবর বিডিনিউজের।

মন্ত্রণালয় বলেছে, রোববার) সৌদি আরবের আলখারজে আকাশপথে আক্রমণে দুই বাংলাদেশি নিহত এবং অন্য বাংলাদেশিদের আহতের ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে মর্মাহত। এই অঞ্চলে নিরপরাধ বাংলাদেশিদের অব্যাহত প্রাণক্ষয়ের ঘটনা গভীর উদ্বেগের। রোববার সৌদি আরবের আলখারজ শহরের একটি আবাসিক এলাকায় প্রজেক্টাইলের (উড়ন্ত বস্তু নিক্ষেপ) আঘাতে এক বাংলাদেশি ও আরেক ভারতীয় নিহত হওয়ার তথ্য রোববার রাতে দেয় দেশটির সিভিল ডিফেন্স বিভাগ। এতে বলা হয়, আল খারজ শহরের একটি রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা কোম্পানির আবাসিক এলাকার ভবনে প্রজেক্টাইল দিয়ে হামলা চালানো হয়। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আরও একজন বাংলাদেশি নিহতের খবর এল। মন্ত্রণালয় বলেছে, আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা আহতদের দেখতে গেছেন। নিহতদের লাশ দেশে ফেরানোর জন্য তারা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ করছেন। নিরপরাধ মানুষের উপর আক্রমণের ঘটনায় নিন্দা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এমন আক্রমণে নিরপরাধ মানুষদের প্রাণক্ষয়ের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধলামায় ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম লায়ন্স চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে র‌্যালি