সেন্টমার্টিনে পৃথক দুটি অভিযানে মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ডিজেলসহ ১৮ জনকে আটকের খবর জানিয়েছে কোস্টগার্ড। গতকাল রোববার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম–উল–হক জানান, শনিবার গভীর রাতে এবং এর আগে শুক্রবার গভীর রাতে সেন্টমার্টিন থেকে দক্ষিণ–পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। খবর বিডিনিউজের।
তিনি বলেন, ‘শুক্রবার গভীর রাতে কোস্টগার্ডের জাহাজ ‘অপূর্ব বাংলা’ সেন্টমার্টিন থেকে দক্ষিণ–পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক–কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ছয়শ বস্তা সিমেন্টসহ ১১ জন বাংলাদেশিকে আটক করা হয়।’ অপরদিকে কোস্টগার্ডের একই জাহাজ শনিবার রাতে একই এলাকায় অবস্থানরত মিয়ানমারের একটি ফিশিং বোট তল্লাশি করে। এ সময় অবৈধভাবে শুল্ক–কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে বহন করা ১ হাজার ৫০০ লিটার ডিজেলসহ মিয়ানমারের সাত নাগরিককে আটক করা হয় বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম–উল–হক।











