সেন্ট মার্টিনে পরিবেশ সুরক্ষা ও ইকোট্যুরিজম উন্নয়নে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। গতকাল শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত দ্বীপের জেটিঘাটসহ সৈকতের পাড়ে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় কক্সবাজারে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. নাসিম আহমেদ ও টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরীর ভ্রাম্যমাণ আদালত। একইদিন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম সাঈদা পারভীনের নেতৃত্বে আরেকটি দল পশ্চিমপাড়া ও পূর্বপাড়ায় অভিযান পরিচালনা করে। খবর বিডিনিউজের।
সাঈদা পারভীন সাংবাদিকদের বলেন, সেন্টমার্টিন দ্বীপের সরকারি নির্দেশনা অমান্য করায় পাঁচটি হোটেল ও দোকানদাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সেন্টমার্টিনের পূর্বপাড়ায় আব্দুর রহমানের নির্মাণাধীন প্রতিষ্ঠানের ইট, বালিসহ নির্মাণ সামগ্রী জব্দ করা হয়েছে।
টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী বলেন, সমপ্রতি প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষা ও ইকোট্যুরিজম উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা আসে। এর পরিপ্রেক্ষিতে সৈকতের পাড়ে ও বাজারে অবৈধগড়ে ওঠা দোকান, ফিশারিসহ ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
তবে উচ্ছেদ হওয়ার লোকজনকে অন্য কোনো জায়গায় পুর্নবাসনের ব্যবস্থা করে দেওয়া হবে এবং পাশাপাশি সরকারের প্রবাল দ্বীপের মহা-পরিকল্পনা বাস্তবায়নে এই উচ্ছেদসহ সকল কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।













