চট্টগ্রামের আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল হান্নান শাহ্ (২২) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বেলা এগারোটার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক শাহ্ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত হান্নান ওই এলাকার আব্দুল গফ্ফার শাহ্ একমাত্র পুত্র। এক ছেলে এক মেয়ের মধ্যে হান্নান বড়। সে আনোয়ারা সরকারি কলেজের ডিগ্রী প্রথম বর্ষের শিক্ষার্থী।
একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় পিতা আব্দুল গফ্ফার শাহ্। সকালেও যে ছেলের সাথে একসাথে নাস্তা করেছে সে ছেলে এখন আর তাদের মাঝে নেই সেটা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না।
নিহত আব্দুল হান্নান শাহ্ এর ফুফাতো ভাই সাংবাদিক মো. ইমরান হোসাইন বলেন, হান্নান তার চাচাতো ভাইয়ের দোকানে থাকতো। পরীক্ষা উপলক্ষে ছুটি নিয়েছে। আজ পরীক্ষা না থাকায় সকালে সুপারি গাছ কাটতে গিয়েছিলো। সেখানেই সুপারি গাছ বৈদ্যুতিক তারের সাথে লেগে বিদ্যুতায়িত হয় সে। এসময় তাকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এবিষয়ে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘বৈদ্যুতায়িত হওয়া এক যুবককে আনা হলে পরীক্ষা নিরীক্ষারপর তাকে মৃত ঘোষণা করা হয় এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’
আজ বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর মরহুমের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।











