সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত ৬

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১৯ জুলাই, ২০২৬ at ৩:১৮ অপরাহ্ণ

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৬ জন। বিষয়টি নিশ্চিত করেছে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ।

আজ রবিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কুমিরা ইলিয়াস ফিলিং স্টেশনের সামনে ও একই এলাকার রয়েল গেট সংলগ্ন এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে ঢাকামুখী একটি জোনাকী পরিবহনের যাত্রীবাহী বাস ছোট কুমিরা ইলিয়াস পেট্রোল পাম্প এলাকা অতিক্রম করেছিল। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে একযাত্রী নিহত ও কমপক্ষে ৬ জন আহত হন।

এই ঘটনার খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। এ ঘটনায় আহতরা হলেন- মো. মান্নান (৩০), তার স্ত্রী সোনিয়া আক্তার (২৫), অর্পিতা সাহা (২০) ও আরিফ মো. ইউসুফ (৫১), রওশন আক্তার (৩৮) ও তার ভাই মো. মহিউদ্দিন (৩৩)।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ছোট কুমিরা এলাকায় জোনাকী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে উল্টে গেলে ৭ জন যাত্রীকে চমেক হাসপাতালে আনা হলে তাদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

অপরদিকে একইদিন সকাল ৯ টার দিকে সীতাকুণ্ডের বড় কুমিরার রয়েল গেট এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি বাস চাপায় মোঃ ইমন (২০) নামের একজন নিহত হন। তিনি ফিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার পশ্চিম পাতাকাটা গ্রামের মোঃ সালামের ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, নিহত তরুণ সীতাকুণ্ডে পুরাতন একটি জাহাজ ভাঙা কারখানায় কাজ করতো। এদিকে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মোঃ শামীম বিষয়টা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইণগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ মেরিন কমিউনিটি সিঙ্গাপুর (BMCS)-এর উদ্যোগে বর্ণাঢ্য ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধবাড়ি ফেরার পথে কাপ্তাই হ্রদে নিখোঁজ বিএনপি নেতা