সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ১৩ জুলাই, ২০২৬ at ১০:১৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলার বাড়বকুণ্ড ও সোনাইছড়ি ইউনিয়ন এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।

বার আউলিয়া হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদ সড়কের সামনে একটি বাস চাপায় জানে আলম জুনু (৭০) নামে একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। তিনি ওই ইউনিয়নের জুদারপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। এর আগে, সকাল সাড়ে ৯টায় মো. বারেক মিয়া (৩৪) নামে এক যুবক ঢাকাচট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি ইউনিয়নের বিএম ডিপো এলাকার মহাসড়কের রাস্তার একপাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। নিহত বারেক শেরপুর জেলার শেরপুর সদর মধ্যম বয়ড়া এলাকার বাসিন্দা মো. আমির আলীর ছেলে বলে জানিয়েছেন, বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মো. হাসেম আলী।

তিনি বলেন, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, শুধু বাড়বকুণ্ড মহাসড়কে দুর্ঘটনায় বাসটি আটক করা হয়েছে। তবে অপর ঘটনায় অজ্ঞাত গাড়িটি আটক করা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধরাজধানীতে ২০০৯ সালের পর সর্বোচ্চ বৃষ্টিপাত, তলিয়েছে অলিগলি-রাজপথ
পরবর্তী নিবন্ধপ্রাথমিকে বৃত্তি পেল ৭৯ হাজার শিক্ষার্থী